শামিম শিকদার।।
শিল্প ও বাণিজ্য নগরী খুলনায় সন্ত্রাসী ও সংঘবদ্ধ অপরাধী চক্রের তৎপরতা নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে। আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, অস্ত্রবাজি ও মাদক কারবারের পাশাপাশি অপরাধের তথ্য গোপন এবং নিজেদের পক্ষে প্রচারণা চালাতে কিছু অপরাধী গোষ্ঠী কথিত অনলাইন, ফেসবুক সাংবাদিক ও সামাজিক যোগাযোগমাধ্যমকর্মীদের ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। এসব ব্যক্তিকে নিয়মিত মাসোহারা বা বিশেষ ভাতা দেওয়ারও অভিযোগ রয়েছে। নগরী ও আশপাশের বিভিন্ন এলাকায় এমন তৎপরতার কথা আলোচনায় এসেছে।
সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের দাবি, খুলনায় সক্রিয় বিভিন্ন অপরাধী গোষ্ঠী নিজেদের কর্মকাণ্ড নির্বিঘ্নে পরিচালনা করতে কিছু অনলাইন ও ফেসবুক ভিত্তিক গণমাধ্যমকর্মীকে তথ্য সংগ্রহ, নজরদারি ও প্রচারণার কাজে ব্যবহার করছে। এসব গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অপরাধীদের পক্ষে অবস্থান নেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, এসব ব্যক্তির একটি অংশ প্রতিপক্ষের অবস্থান, চলাচল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা সম্পর্কে তথ্য সংগ্রহ করে অপরাধী চক্রের কাছে পৌঁছে দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও অপরাধী চক্রগুলোর পক্ষে ইতিবাচক প্রচারণা ও প্রপাগান্ডা চালানোর প্রবণতা বাড়ছে বলে অভিযোগ রয়েছে।
অপরাধী চক্রের কোনো সদস্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হলে কথিত অনলাইন বা ফেসবুক সাংবাদিকদের কেউ কেউ সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে প্রশাসন বা সংশ্লিষ্ট মহলে প্রভাব বিস্তারের চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে। এতে প্রকৃত সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অপরাধীদের পক্ষে সুবিধা আদায়ের আশঙ্কা তৈরি হচ্ছে। ফলে পেশাদার সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সংবাদমাধ্যমের প্রতি সাধারণ মানুষের আস্থাও প্রশ্নের মুখে পড়তে পারে।
সংশ্লিষ্ট মহলের মতে, অপরাধী চক্রের সঙ্গে কোনো গণমাধ্যমকর্মী বা অনলাইন-ফেসবুক সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তির আর্থিক ও সাংগঠনিক সম্পর্ক থাকলে তা শুধু সাংবাদিকতার নৈতিকতার লঙ্ঘন নয়, অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে অপরাধের তথ্য আগেভাগে পাচার, ঘটনা ধামাচাপা দেওয়া কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধীদের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি।
খুলনায় সাম্প্রতিক সময়ে হত্যাকাণ্ড, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতা নিয়ে নাগরিকদের মধ্যে উদ্বেগ রয়েছে। এ পরিস্থিতিতে অপরাধীদের পাশাপাশি তাদের অর্থের জোগানদাতা, তথ্য সরবরাহকারী ও সহযোগীদেরও শনাক্ত করার দাবি উঠেছে। একই সঙ্গে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ অপরাধী চক্রকে সহযোগিতা করছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্তের প্রয়োজনীয়তার কথাও বলছেন সচেতন মহল।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্রের দাবি, অপরাধী চক্রের তৎপরতা এবং তাদের সহযোগী নেটওয়ার্কের বিষয়ে নজরদারি রয়েছে।











































