Home আঞ্চলিক সন্ধ্যা নামলেই মাদকের মুক্ত বাজার বসে নগরীর ঘাট এলাকায়: চলছে অসামাজিক কর্মকাণ্ড

সন্ধ্যা নামলেই মাদকের মুক্ত বাজার বসে নগরীর ঘাট এলাকায়: চলছে অসামাজিক কর্মকাণ্ড

77
প্রতীকী ছবি এআই নির্মিত


স্টাফ রিপোর্টার।।


খুলনা নগরীর ভৈরব নদী তীরবর্তী ঘাট এলাকায় হাত বাড়ালেই মিলছে রকমারি মাদক, সেই সঙ্গে প্রকাশ্যেই চলছে অসামাজিক কর্মকাণ্ড। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত নদীর পাড় ঘেঁষে এ যেন এক অপরাধের হাট। বিশেষ করে বিআইডব্লিউটিএ ঘাট থেকে শুরু করে ৭ নম্বর ঘাট এলাকা পর্যন্ত সন্ধ্যা নামলেই মাদকের মুক্ত বাজার বসে বলে অভিযোগ স্থানীয়দের।


সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাট এলাকার বিশেষ কিছু স্পট, বিশেষ করে ‘পাগলীর মাজার’ এবং এর আশেপাশের এলাকাগুলোতে ইমরান নামের এক মাদক ব্যবসায়ী ছোট ছোট অস্থায়ী ঘর তুলে ঘণ্টা চুক্তিতে ভাড়া দেওয়া হচ্ছে। এসব ঘরে দিনদুপুরে মাদকের আসরের পাশাপাশি চলছে অসামাজিক কাজ। উদ্বেগজনক বিষয় হলো, প্রতিনিয়ত এসব স্থানে যাতায়াত করতে দেখা যায় নগরীর বিভিন্ন স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা।


স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যে এসব অপরাধমূলক কর্মকাণ্ড চললেও রহস্যজনক কারণে পুলিশ বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।


ঘাট এলাকার এই অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের ভয়াবহতা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন সাধারণ অভিভাবকেরা। নগরীর এক গৃহবধূ সালমা (ছদ্মনাম) আক্ষেপ প্রকাশ করে বলেন, পড়াশোনার অজুহাতে বা বন্ধুদের সাথে আড্ডা দিতে বাইরে বেরিয়ে আমাদের সন্তানেরা যদি নদী তীরের এসব অপরাধের আখড়ায় জড়িয়ে পড়ে, তবে অভিভাবক হিসেবে আমাদের আর কিছু করার থাকে না। স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার উচিত অবিলম্বে এসব অবৈধ ঘর ও মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়া।


এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘাট এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের কঠোর নজরদারিতে রয়েছে। মাদক ব্যবসা ও অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে পুলিশ শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি অনুসরণ করছে। মাজার ও ঘাট কেন্দ্রিক কোনো অবৈধ ঘর বা অসামাজিক আসর চললে খুব দ্রুতই সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।


নগরবাসী মনে করছেন, ঘাটের মতো উন্মুক্ত ও গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল জোরদার এবং এসব অবৈধ কর্মকান্ড বন্ধ না করলে উঠতি বয়সের তরুণ ও শিক্ষার্থীদের অপরাধের পথ থেকে ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়বে।