স্টাফ রিপোর্টার
খুলনা মহানগরীর খালিশপুরে প্রেমের সম্পর্কের বিরোধের জেরে অনিক হাসনাত মুন্না (১৯) নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে।
সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে খালিশপুরের আলমনগর পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত অনিক হাসনাত মুন্না খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী। তার বাড়ি ঝিনাইদহের শৈলকূপায়।
পুলিশ ও খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট সূত্রে জানা যায়, একই প্রতিষ্ঠানের সিভিল বিভাগের চতুর্থ পর্বের এক ছাত্রী (১৮) তার পেটে ছুরিকাঘাত করেন। অনিকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তবে বিয়েতে অস্বীকৃতি এবং অন্য মেয়ের সঙ্গে কথা বলাতে নিজেদের মধ্যে বিরোধের সৃষ্টি হওয়ার একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান বলেন, ‘সম্প্রতি অনিক অন্য এক মেয়ের সঙ্গে কথা বলায় ওই তরুণী মনঃক্ষুণ্ন ছিলেন। সকালে তাদের দেখা হওয়ার পর কথাবার্তার একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।’
ওসি আরও বলেন, দুপুরে অনিক থানায় এসে জানান, তিনি ওই তরুণীর বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন না। বিষয়টি তাদের পরিবারের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।











































