Home জাতীয় হামে শিশুমৃত্যুর দায় আমার: স্বাস্থ্যমন্ত্রী

হামে শিশুমৃত্যুর দায় আমার: স্বাস্থ্যমন্ত্রী

3

ঢাকা অফিস।।

হামে শিশুমৃত্যুর দায় নিজের কাঁধে নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, হামে শিশুদের মৃত্যু তার ব্যর্থতা। এটি সরকারের ব্যর্থতা নয়। পরিস্থিতি মোকাবিলায় তিনি চেষ্টা করে যাচ্ছেন।

সোমবার বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নবনির্মিত ইস্পাতের চারতলা ভবন উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক সাংবাদিক স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চান, গত সাত মাসে হামে এক হাজার ২০০ শিশুর মৃত্যু হয়েছে। এই মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকারের, নাকি বর্তমান সরকারের? কাউকে না কাউকে এ দায় নিতে হবে। জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দায় তো আমার। আমাকে ফাঁসি দেন। এটা আমার ব্যর্থতা। তবে চেষ্টা করেছি। আমার সরকারের ব্যর্থতা না।’

হামের টিকা নিয়ে সমালোচনার জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিছু দুষ্টু লোক প্রচার করছে, এই টিকা ভারত থেকে আনা হয়েছে। এ তথ্য সত্য নয়। মাত্র ৮ শতাংশ টিকা ভারত থেকে আনা হয়েছে। বাকি টিকা এসেছে জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে। এসব টিকা স্বল্পমূল্যে সংগ্রহ করা হয়েছে।

তিনি বলেন, দেশে ব্যবহৃত হামের টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরীক্ষিত। এসব টিকা সরবরাহ করেছে ইউনিসেফ। ইউনিসেফ, গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারাবিশ্বে টিকা সরবরাহের ক্ষেত্রে স্বীকৃত প্রতিষ্ঠান। ইউনিসেফকে বাদ দিয়ে অন্য কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে টিকা নেওয়া হলে এবং এরপর হামে শিশুমৃত্যুর ঘটনা ঘটলে দেশের মানুষ তাকে জীবিত রাখত না বলেও মন্তব্য করেন তিনি।

শিশুদের টিকা না দেওয়ার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, অনেকেই তাদের সন্তানদের হামের টিকা দেননি বা দিচ্ছেন না। বর্তমানে যারা হামে আক্রান্ত হচ্ছে, তাদের প্রায় কেউই টিকা নেয়নি। আক্রান্তদের বড় একটি অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে ভর্তি হামের রোগীদের প্রায় কারও টিকা নেওয়া নেই বলে তাকে জানানো হয়েছে।

এর আগে সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে আইসিইউ, নতুন পোস্ট অপারেটিভ ওয়ার্ড, বহির্বিভাগ ই-টিকিট, কিউআর কোড এবং সম্প্রসারিত অটোমেশন পদ্ধতির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালটির উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন তিনি।

সাখাওয়াত হোসেন বলেন, প্রতিটি হাসপাতালে চিকিৎসকরা নতুন উদ্ভাবনী শক্তি নিয়ে কাজ করছেন। চিকিৎসকরা সততার সঙ্গে ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মেনে যাতে কাজ করতে পারেন, তার সব ব্যবস্থা করা হবে।

রোগীদের প্রতি আরও ভালো ও সহনশীল আচরণ করার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করছে সরকার। এ ক্ষেত্রে যত বরাদ্দ প্রয়োজন, তা দেওয়ার সদিচ্ছা রয়েছে সরকারের।