ঢাকা অফিস
জুলাই গণ-অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক ধারার প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করেছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তরুণ নেতৃত্ব, রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার ও বিকল্প রাজনীতির বার্তা দিয়ে আলোচনায় আসা দলটিতে সম্প্রতি প্রকাশ্যে এসেছে মতাদর্শিক টানাপোড়েন। এর কেন্দ্রবিন্দুতে রয়েছেন দলটির সাবেক দুই নেতা ডা. তাসনিম জারা ও সামান্তা শারমিন।
সামান্তা শারমিনের পদত্যাগ, তার প্রতি তাসনিম জারার প্রকাশ্য সমর্থন এবং অল্টারনেটিভসের সংগঠক মাহফুজ আলমের প্রশংসাসূচক ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। প্রশ্ন উঠেছে, এই দুই তরুণ রাজনৈতিক মুখের পরবর্তী গন্তব্য কোথায়? তারা কি নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ) বা অল্টারনেটিভসের মতো নতুন কোনো প্ল্যাটফর্মে যোগ দেবেন, নাকি সম্পূর্ণ নতুন কোনো রাজনৈতিক উদ্যোগ নেবেন?
তবে, এখন পর্যন্ত তাসনিম জারা কিংবা সামান্তা শারমিন কেউই কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার ঘোষণা দেননি। এনসিপিতে সক্রিয়ভাবে ফেরারও কোনো ইঙ্গিত নেই। ফলে তাদের পরবর্তী রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা-কল্পনা চলছে।
আলোচনায় তাসনিম-সামান্তা: এনসিপি ছাড়ার সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পাঠানো পদত্যাগপত্রে জামায়াতের সঙ্গে জোট গঠন নিয়ে নিজের অসন্তোষের কথা উল্লেখ করেন সামান্তা শারমিন। পাশাপাশি দলে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি, নেতৃত্ব নির্বাচনের পদ্ধতি এবং দলটির নিজস্ব রাজনৈতিক অবস্থান হারিয়ে ফেলার বিষয়েও আপত্তি জানান তিনি।
অন্যদিকে, ডা. তাসনিম জারা প্রকাশ্যে সামান্তা শারমিনের রাজনৈতিক সততা ও ভূমিকার প্রশংসা করেন। তার এই অবস্থানকে অনেকে শুধু ব্যক্তিগত সমর্থন নয়, ভবিষ্যতের সম্ভাব্য রাজনৈতিক অবস্থানের ইঙ্গিত হিসেবেও দেখছেন।
এর আগে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনি সমঝোতার সিদ্ধান্তের বিরোধিতা করে দলটি থেকে সরে দাঁড়ান তাসনিম জারা।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছিলেন, কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী না হয়ে স্বতন্ত্রভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান।
এর পরদিনই এনসিপির যুগ্ম আহ্বায়কের পদ ছাড়েন দলটির আরেক নেতা তাজনূভা জাবীন। ফেসবুকে দেওয়া পোস্টে জামায়াতের সঙ্গে জোট গঠনের প্রক্রিয়া নিয়ে নিজের আপত্তির কথা জানিয়েছিলেন তিনি।
একাধিক রাজনৈতিক সূত্রের দাবি, তাসনিম জারা ও সামান্তা শারমিনের সঙ্গে এনপিএ ও অল্টারনেটিভসের কয়েকজন উদ্যোক্তার যোগাযোগ রয়েছে। একই সঙ্গে এমন আলোচনাও রয়েছে, তারা চাইলে ভবিষ্যতে নতুন কোনো রাজনৈতিক উদ্যোগ নিতে পারেন। যদিও এসব বিষয়ে সংশ্লিষ্ট কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।
হঠাৎ আলোচনায় এনপিএ ও অল্টারনেটিভস: সাম্প্রতিক সময়ে অল্টারনেটিভস নিজেদের সংস্কারমুখী ও মধ্যপন্থী রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। দলটির কয়েকজন নেতার বক্তব্য এবং সামান্তা শারমিনকে নিয়ে ইতিবাচক মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন জল্পনার জন্ম দিয়েছে।
চলতি বছরের ৬ মার্চ অল্টারনেটিভসের ১৭ সদস্যের ন্যাশনাল অর্গানাইজিং কমিটি (জাতীয় সাংগঠনিক কমিটি) ঘোষণা করা হয়। কমিটির সদস্যদের মধ্যে তিনজন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা রয়েছেন।
অন্যদিকে, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া বাম ও মধ্যপন্থী তরুণদের উদ্যোগে গড়ে ওঠা নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)ও বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান গড়ে তোলার চেষ্টা করছে।
রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, তাসনিম জারা ও সামান্তা শারমিনের রাজনৈতিক অবস্থানের সঙ্গে এই দুই প্ল্যাটফর্মের কিছু নীতিগত মিল রয়েছে। তবে তাদের কেউই এসব প্ল্যাটফর্মে যোগ দেওয়ার বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি।
একাধিক রাজনৈতিক সূত্রের দাবি, তাসনিম জারা ও সামান্তা শারমিনের সঙ্গে এনপিএ ও অল্টারনেটিভসের কয়েকজন উদ্যোক্তার যোগাযোগ রয়েছে। একই সঙ্গে এমন আলোচনাও রয়েছে, তারা চাইলে ভবিষ্যতে নতুন কোনো রাজনৈতিক উদ্যোগ নিতে পারেন। যদিও এসব বিষয়ে সংশ্লিষ্ট কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।
এনসিপির জন্য কী বার্তা: দল গঠনের অল্প সময়ের মধ্যে পরিচিত কয়েকজন নেতার দূরে সরে যাওয়া এনসিপির জন্য রাজনৈতিকভাবে অস্বস্তিকর। বিশেষ করে শিক্ষিত তরুণদের মধ্যে যাদের গ্রহণযোগ্যতা ছিল, তাদের অনুপস্থিতি দলের ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে।
এনপিএ, অল্টারনেটিভস বা অন্য কোনো রাজনৈতিক দলে যোগদানের বিষয়ে জানতে চাইলে সামান্তা শারমিন বলেন, আপাতত কোনো সিদ্ধান্ত নিইনি। সেটা করলে সবাইকে জানিয়েই করব।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলটি যদি অভ্যন্তরীণ মতপার্থক্য রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারে এবং সাংগঠনিক সংস্কারে জোর দেয়, তাহলে পরিস্থিতি সামাল দেওয়ার সুযোগ রয়েছে।
অন্যদিকে, নতুন প্রজন্মের পরিচিত ও গ্রহণযোগ্য রাজনৈতিক মুখগুলোকে নিজেদের সঙ্গে যুক্ত করতে পারলে এনপিএ কিংবা অল্টারনেটিভস উভয় প্ল্যাটফর্মই জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান আরও দৃশ্যমান করার সুযোগ পাবে। তবে আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা রাজনৈতিক সমঝোতা ছাড়া এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
নতুন দলে যোগদানের বিষয়ে কী বলছেন সামান্তা: এনপিএ, অল্টারনেটিভস বা অন্য কোনো রাজনৈতিক দলে যোগদানের বিষয়ে জানতে চাইলে সামান্তা শারমিন বলেন, আপাতত কোনো সিদ্ধান্ত নিইনি। সেটা করলে সবাইকে জানিয়েই করব।
তাসনিম জারার সঙ্গে যোগাযোগ হয় কি না জানতে চাইলে তিনি বলেন, ব্যক্তি তাসনিম জারার সঙ্গে কথা হয়। তবে নতুন দলে যোগদান বা রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের বিষয়ে তাদের মধ্যে কোনো কথা হয়নি।
এনসিপি কী ভাবছে: দল ছেড়ে যাওয়া সামান্তা শারমিন ও তাসনিম জারার জন্য শুভ কামনা জানিয়ে এনসিপির যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক বলেন, তাদের মতো নারীরা যদি রাজনীতিতে সক্রিয় থাকেন এবং রাজনীতিকে এগিয়ে নেন, সেটা বাংলাদেশের জন্য ভালো।
অন্য রাজনৈতিক দলে যোগ দেওয়ার গুঞ্জনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। তারা কোথায় যাবেন, সে বিষয়ে কিছু জানি না।
এনসিপির কমিটি গঠনের পরপরই সামান্তা শারমিনের পদত্যাগের ঘোষণা এসেছে। কমিটি গঠন নিয়ে মনোমালিন্য বা দ্বন্দ্ব তৈরি হয়েছিল কি না, এমন প্রশ্নের জবাবে ফরিদুল হক বলেন, কমিটিকে কেন্দ্র করে কোনো মনোমালিন্য বা দ্বন্দ্ব নেই। সামান্তা কাউন্সিল ছাড়া কেন কমিটি গঠন করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে বিষয়টি আসলে সেভাবে নয়। এটি নতুন কমিটি গঠন নয়; বরং আগের কমিটি পুনর্গঠন ও দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে।
এদিকে, তাসনিম-সামান্তার নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়ে জানতে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু ও অল্টারনেটিভসের সংগঠক মাহফুজ আলমের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।











































