Home আঞ্চলিক দেড় যুগ ধরে তালপাতায় হাতেখড়ি, ঐতিহ্য ধরে রেখেছে পাঠশালা

দেড় যুগ ধরে তালপাতায় হাতেখড়ি, ঐতিহ্য ধরে রেখেছে পাঠশালা

6


রিফাত আল মাহামুদ, বাগেরহাট।।


আধুনিক শিক্ষাব্যবস্থার বিস্তারে হারিয়ে যেতে বসেছে তালপাতায় লেখাপড়ার প্রাচীন রীতি। তবে সেই ঐতিহ্য এখনো আগলে রেখেছে বাগেরহাটের চিতলমারী উপজেলার ডুমুরিয়া দক্ষিণপাড়ার ‘শিশু শিক্ষা নিকেতন’। প্রতিষ্ঠার পর দেড় যুগের বেশি সময় ধরে এখানে শিশুদের দেওয়া হচ্ছে তালপাতায় হাতেখড়ি। বাঁশের কঞ্চির কলম, দোয়াতের কালি আর তালপাতায় অক্ষর লেখার মধ্য দিয়ে প্রাথমিক শিক্ষার পাশাপাশি শিশুদের পরিচয় করানো হচ্ছে গ্রামবাংলার প্রাচীন শিক্ষা-সংস্কৃতির সঙ্গে।


২০০৫ সালে প্রতিষ্ঠিত এ পাঠশালায় আশপাশের পাঁচ গ্রামের প্রায় ৫০ শিশু পড়াশোনা করছে। ৭৫ বছর বয়সী শিক্ষক পণ্ডিত কালিপদ বাছাড় নিজ হাতে তাদের শেখাচ্ছেন স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, বানান, যুক্তাক্ষর, নামতা ও নৈতিক শিক্ষা। আধুনিক শিক্ষা উপকরণের পরিবর্তে প্রাচীন পদ্ধতিতে পাঠদানের এ ব্যতিক্রমী উদ্যোগ দেখতে প্রতিদিনই আগ্রহ নিয়ে আসেন অভিভাবকেরা।

অভিভাবকদের মতে, তালপাতায় লেখার চর্চা শিশুদের হাতের লেখা সুন্দর করতে সহায়তা করে। একই সঙ্গে ছোটবেলা থেকেই তারা নিজেদের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পাচ্ছে। এ কারণে আধুনিক শিক্ষার পাশাপাশি সন্তানদের এ পাঠশালায় পাঠাচ্ছেন অনেক অভিভাবক।


তবে ঐতিহ্যের এ পাঠশালায় রয়েছে নানা সীমাবদ্ধতা। সামনের জমিতে পানি জমে থাকায় বর্ষা মৌসুমে শিশুদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হয়। পাশাপাশি রয়েছে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার অভাব। দীর্ঘদিন ধরে এসব সমস্যা থাকলেও এখনো মেলেনি স্থায়ী সমাধান।

শিক্ষক পণ্ডিত কালিপদ বাছাড় বলেন, পুরোনো ঐতিহ্য অনুসরণ করে শিশুদের তালপাতায় লেখাপড়া শেখানো হয়। তালপাতায় অক্ষর চর্চা করলে হাতের লেখা সুন্দর হয়। এখান থেকেই শিশুরা প্রাথমিক অক্ষরজ্ঞান লাভ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, পাঠশালাটিতে পুরোনো আমলের তালপাতার শিক্ষাব্যবস্থা এখনো চালু রয়েছে। এটি আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রেখেছে। জলাবদ্ধতা ও স্যানিটেশনসহ পাঠশালার সমস্যাগুলো সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে।

আধুনিক শিক্ষার প্রসারে যখন হারিয়ে যাচ্ছে তালপাতায় লেখার চর্চা, তখন চিতলমারীর এ পাঠশালা হয়ে উঠেছে গ্রামবাংলার প্রাচীন শিক্ষা-ঐতিহ্যের এক জীবন্ত স্মারক। প্রয়োজনীয় সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে ঐতিহ্যের এ পাঠশালা আগামী প্রজন্মের কাছেও তুলে ধরতে পারবে তালপাতায় হাতেখড়ির ইতিহাস।