Home আঞ্চলিক চাঁদাবাজির থাবায় খুলনায় বন্ধের মুখে ফার্মেসি ব্যবসা

চাঁদাবাজির থাবায় খুলনায় বন্ধের মুখে ফার্মেসি ব্যবসা

15

স্টাফ রিপোর্টার।।

খুলনায় ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ঘিরে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ক্রমেই বাড়ছে। চাঁদা দাবির অভিযোগে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের ঐতিহ্যবাহী চয়নিকা ফার্মেসি বন্ধের ১০ দিনের মাথায় এবার বন্ধ হলো রূপসা স্ট্র্যান্ড রোডের মেসার্স মল্লিক ব্রাদার্স ফার্মেসি। পরপর দুটি ফার্মেসি বন্ধের ঘটনায় নগরীর ব্যবসায়ী মহলে নতুন করে নিরাপত্তাহীনতার উদ্বেগ তৈরি হয়েছে।


সোমবার (৯ নভেম্বর) বিকেল থেকে মেসার্স মল্লিক ব্রাদার্স ফার্মেসিটি বন্ধ দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা প্রতিষ্ঠানটির মালিকের কাছে চাঁদা দাবি করেছে। এ নিয়ে আতঙ্কিত হয়ে দোকান বন্ধ রেখেছেন মালিক। তবে চাঁদা দাবির অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।


এর আগে একই ধরনের চাঁদা দাবির অভিযোগে টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসি বন্ধ হয়ে যায়। একের পর এক ওষুধের দোকান বন্ধ হওয়ার ঘটনায় প্রশ্ন উঠেছে, নগরীর ব্যবসাপ্রতিষ্ঠানগুলো কতটা নিরাপদ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কতটা কার্যকর।


এ বিষয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, ফার্মেসির মালিকের সঙ্গে তাঁর কথা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে প্রতিষ্ঠানটি খুলবে বলে তাঁকে জানানো হয়েছে। দোকানটির নিরাপত্তার বিষয়ে পুলিশ তৎপর থাকবে।
তবে খুলনার পুলিশ চাঁদাবাজি বন্ধ করতে না পারলেও তাদের চাঁদাবাজি ঠিকই চালিয়ে যাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।

কেএমপির সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার হুমায়ূন কবীর তার এলাকার সকল হোটেল, রেস্তোরাঁ ও মুদিসহ সব দোকান মাসোহারার মাধ্যমে রাতভর খোলা রাখেন। অথচ সদর থানা এলাকায় তার বিপরীতে চিত্র। সেখানে তিনি অনধিকার ভাবে গতকাল সোমবার রাতে নিজে ও এসআই শাহীন গালিগালাজ করে দোকান গুলো বন্ধ করে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। নগরবাসীর অভিযোগ সনাতন ধর্মাবলম্বী মানুষদের একটি বৃহৎ উৎসব ছিল। তাদের বিশেষ অনুরোধ সত্বেও তিনি তার অনধিকার ক্ষমতা প্রয়োগ করেছেন বলে তাদের অভিযোগ। তবে প্রায় তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের কয়েকজন সদস্য জানিয়েছেন।


ওসি আরও বলেন, রোববার দিবাগত রাতে বিষয়টি জানার পর স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


তবে শুধু দোকান খোলার আশ্বাসেই ব্যবসায়ীদের নিরাপত্তাহীনতা কাটবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। চাঁদা দাবির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা না গেলে এ ধরনের ঘটনায় আরও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।