খবর বিজ্ঞপ্তি।।
গত ৮ নভেম্বর দৈনিক খুলনাঞ্চলের অনলাইনে খুলনা চেম্বার অব কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং শরীফ অ্যান্ড কোং এর স্বত্তাধিকারী শরীফ আতিয়ার রহমানকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর আজগুবি সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার দৈনিক খুলনাঞ্চল এর সম্পাদকের হোয়াটসআপে প্রেরিত প্রতিবাদ বিবৃতিতে তারা বলেন, বিভিন্ন রড কোম্পানির মধ্যস্ততাকারী প্রতিনিধি হিসেবে জনৈক মাহমুদ হাসান শরীফ অ্যান্ড কোং-এ রড সরবরাহ করতো। রড সরবরাহের জন্য তিনি অগ্রিম টাকা নিতেন, সরবরাহের পর বাকি টাকা পরিশোধ করা হতো। দীর্ঘদিন এভাবে লেনদের পরিচালনার পর ২০১৮ সালে মাহমুদ হাসান শরীফ অ্যান্ড কোং-এর সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাও হয়ে যান। নানাভাবে চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। পরে জানা যায়, অন্য কোম্পানির সঙ্গে প্রতারণার ঘটনায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে রয়েছেন। জেলখানা থেকে ছাড়া পাওয়ার পর বিভিন্ন সময় তার কাছে পাওনা টাকা চাওয়া হয়েছে, তিনি দিচ্ছি, দেব বলে সময় নিয়েছেন।
গত ৭ নভেম্বর মধ্যরাতে পর (৮ নভেম্বর প্রথম প্রহরে) খুলনাঞ্চলের অনলাইনে ‘পাওনা টাকা চাওয়ায় হুমকি খুলনার ব্যবসায়ী নেতার বিরুদ্ধে’ একটি সংবাদ দেখতে পাই। সেখানে পাওনা টাকা চাওয়ায় মাহমুদ হাসানকে জনাব শরীফ আতিয়ার রহমান হুমকি দিয়েছেন বলে উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়, এ ধরনের কোনো ঘটনায় তার সঙ্গে ঘটেনি। চলতি মাসের শুরুর দিকে মাহমুদ হাসান নিজেই অন্য একটি কারণে ফোন করেন। তখন শরীফ আতিয়ার রহমান তাকে পুরাতন সাড়ে ৫ লাখ টাকা দ্রুত পরিশোধ করতে বলেন। টাকা পরিশোধ না করলে মাহমুদ হাসানের বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়ার কথাও উল্লেখ করেন।
মূলত বকেয়া সাড়ে ৫ লাখ টাকা যাতে পরিশোধ করতে না হয়, সেজন্য মাহমুদ হাসান অসৎ উদ্দেশ্যে শরীফ আতিয়ার রহমানকে জড়িয়ে মিথ্যা, বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করিয়েছেন। বকেয়া টাকা আদায়ে শরীফ আতিয়ার রহমান যাতে আইনের আশ্রয় নিতে না পারে, সেজন্য মাহমুদ জিডিও করেছে।
দীর্ঘ ৫০ বছরের ব্যবসায়ীক জীবনে শরীফ আতিয়ার রহমানের বিরুদ্ধে কখনো অন্য ব্যবসায়ী হুমকি, হয়রানি, অন্যায় আচরণের অভিযোগ নেই। সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে প্রবীণ এই ব্যবসায়ীর সম্মানহানির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবেদকের বক্তব্য: খুলনা চেম্বার অব কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং শরীফ অ্যান্ড কোং-এর সত্ত্বাধিকারী শরীফ আতিয়ার রহমানকে জড়িয়ে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়ীদের পক্ষ থেকে যে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে, তা দৈনিক খুলনাঞ্চলের নীতিমালার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশ করা হলো। মূলত সংবাদে উল্লেখিত বক্তব্য ভুক্তভোগীর। ভুক্তভোগীর থানায় করা ডায়েরীর ভিত্তিতে তৈরী করা হয়েছে। এখানে আমাদের নিজস্ব কোন বক্তব্য নেই। দৈনিক খুলনাঞ্চল সবসময় বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ এবং সংশ্লিষ্ট পক্ষের মতামতের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল।











































