স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করতে বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর অবস্থান নিয়েছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। নগরীর কোথাও প্রকাশ্যে আর কোনো বর্জ্য রাখা হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন কেসিসি’র প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকালে নগরীর কেডিএ এভিনিউর তেঁতুলতলা মোড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পূবালী ব্যাংক পিএলসি-খুলনা আঞ্চলিক কার্যালয়ের তত্ত্বাবধানে এবং ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। প্রশাসক ফিতা কেটে ও চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রশাসক বলেন, শহরের কোথাও প্রকাশ্যে বর্জ্য না রাখার বিষয়ে প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। ইতোমধ্যে নিরালার উন্মুক্ত ডাম্পিং স্টেশন সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া পিটিআই মোড় ও নতুন বাজারের উন্মুক্ত ডাম্পিং স্টেশনগুলোকে দুর্গন্ধ ও পরিবেশদূষণমুক্ত করতে আধুনিকায়ন করা হচ্ছে। অবৈধ স্থাপনা অপসারণ করা স্থানগুলোতে সবুজায়নের পাশাপাশি সড়কসমূহের মিড আইল্যান্ড ও দেওয়ালে গ্রাফিতি অঙ্কন সর্বমহলে প্রশংসিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে কেসিসি’র সচিব মো: রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এবং পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর হচ্ছে কেসিসি
এদিকে, সোমবার বিকেলে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক স্টেকহোল্ডারদের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। কেসিসি’র প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু’র সভাপতিত্বে সভায় মহানগরীর বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান চ্যালেঞ্জ, অনিয়ম ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের দায়িত্ব-কর্তব্য নিয়ে বিশদ আলোচনা হয়। উৎপত্তিস্থলেই সঠিকভাবে বর্জ্য পৃথকীকরণ, নির্ধারিত রঙের বিন ব্যবহার এবং সঠিক ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সভাপতির বক্তৃতায় প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা খুলনা সিটি কর্পোরেশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সলুয়া ও মাথাভাঙ্গায় নির্মিত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট এবং মেডিকেল বর্জ্য রিসাইক্লিং প্ল্যান্ট শীঘ্রই চালু করা হচ্ছে। গতানুগতিক ধারায় বর্জ্য ব্যবস্থাপনা চালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি এ কার্যক্রমে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভায় হাসপাতাল ও ক্লিনিকগুলোর প্রাতিষ্ঠানিক দায়িত্বশীলতা নিশ্চিতকরণ, কেসিসি’র সাথে সমন্বয় জোরদার এবং নিয়মিত পরিবীক্ষণের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় কেসিসি’র সচিব মো: রেজা রশীদ, সিভিল সার্জন ডা. মো: মনিরুজ্জামান, বিভিন্ন হাসপাতালের পরিচালক ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।











































