স্পোর্টস ডেস্ক।।
বয়স যে কেবলই একটি সংখ্যা, তা আরও একবার প্রমাণ করলেন জাপানের সাবেক তারকা ফুটবলার কাজুয়োশি মিউরা। ৫৯ বছর বয়সেও পেশাদার ফুটবলে সক্রিয় থেকে নতুন এক রেকর্ড গড়েছেন ‘কিং কাজু’।
ফুকুশিমা ইউনাইটেডের হয়ে এফসি রিউকিউর বিপক্ষে মাঠে নামার সময় মিউরার বয়স ছিল ৫৯ বছর ৮ মাস ১২ দিন। ম্যাচটিতে তার দল ৪-১ গোলে জয় পায়। এই ম্যাচে খেলার মধ্য দিয়ে জাপানের তৃতীয় বিভাগের লিগে সবচেয়ে বেশি বয়সে মাঠে নামার কীর্তি গড়েন তিনি।
ক্যারিয়ারের ৪২তম মৌসুমে খেলছেন এই জাপানি ফরোয়ার্ড। ২০২১ সালের পর এই প্রথম কোনো আনুষ্ঠানিক লিগ ম্যাচে অংশ নিলেন তিনি। ওই বছর নিজের মূল ক্লাব ইয়োকোহামা এফসির হয়ে জাপানের শীর্ষ লিগে একটি ম্যাচ খেলেছিলেন মিউরা।
যদিও গত মৌসুমে বিভক্ত মৌসুম পদ্ধতিতে আয়োজিত একটি সংক্ষিপ্ত বিশেষ টুর্নামেন্টে ছয়টি ম্যাচ খেলেছিলেন তিনি। তবে সেসব ম্যাচ আনুষ্ঠানিক লিগের অংশ হিসেবে গণ্য হয়নি।
জাপানের জাতীয় দলের হয়েও দীর্ঘদিন খেলেছেন মিউরা। এক দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে সামুরাই ব্লুদের হয়ে করেছেন ৫৫ গোল। দেশটির পুরুষ জাতীয় দলের হয়ে অন্তত ৫০ গোল করার কীর্তি আছে মাত্র তিন ফুটবলারের। এই তালিকায় মিউরার সঙ্গে রয়েছেন শিনজি ওকাজাকি ও কুনিশিগে কামামোতো।











































