স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীকে পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও আধুনিক হিসেবে গড়ে তোলার ধারাবাহিক প্রক্রিয়ায় যখন সাফল্য আসতে শুরু করেছে, ঠিক তখনই বাঁধ সেধেছেন স্বার্থান্বেষী একশ্রেণীর রাজনৈতিক নেতা। উচ্ছেদ বন্ধ ও পুনর্বাসনের অজুহাতে হকারদের ঢাল বানিয়ে খুলনা নগর ভবন ঘেরাও এবং সড়ক অবরোধ করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ানোর অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।
বিশেষ করে, খুলনা মহানগর হকার্স ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও নগর কমিউনিস্ট পার্টির সভাপতি মিজানুর রহমান বাবুর নেতৃত্বাধীন এই তৎপরতাকে পরিচ্ছন্ন নগরী গড়ার উদ্যোগের বিপরীতে দাঁড়িয়ে ‘মায়াকান্না’ হিসেবে দেখছেন সাধারণ নগরবাসী ও সুশীল সমাজ।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হকারদের উসকে দিয়ে কেডি ঘোষ রোডের ডিসি অফিস থেকে সোসাইটি সিনেমা হল পর্যন্ত সড়ক অবরোধ করে রাখা হয়। এতে দীর্ঘ দেড় ঘণ্টা সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার চরম মাশুল গুনতে হয় রোগী, শিক্ষার্থীসহ সাধারণ পথচারীদের।
ঘেরাও কর্মসূচিতে মিজানুর রহমান বাবু আগামীতে নগর ভবনের সামনে ‘লাগাতার অবস্থান’ ও ‘ভুখা মিছিলের’ মতো উসকানিমূলক কর্মসূচির হুমকি দেন। অথচ সচেতন মহল প্রশ্ন তুলছেন, খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নেওয়া বর্জ্য ব্যবস্থাপনা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করার জনকল্যাণমুখী পদক্ষেপগুলোর বিরোধিতা করে মূলত শহরের নৈরাজ্যজনক পরিস্থিতিকেই টিকিয়ে রাখতে চান এসব নেতারা।
নগরবাসীর মতে, ফুটপাত ও প্রধান সড়কগুলো পথচারী ও যানবাহন চলাচলের জন্য, ব্যবসা করার জন্য নয়। হকারদের কম দামে পণ্য বিক্রির দোহাই দিয়ে অবৈধ দখলদারিত্বকে বৈধতা দেওয়ার এই চেষ্টা মূলত রাজনীতি টিকিয়ে রাখার ফাঁকা বুলি ছাড়া আর কিছুই নয়। কথায় কথায় সড়ক অবরোধ করে নগরবাসীকে জিম্মি করার এই সংস্কৃতি খুলনাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার পথে সবচেয়ে বড় বাধা।
সচেতন খুলনাঞ্চলের বাসিন্দারা মনে করেন, গুটিকয়েক নেতার নিজস্ব স্বার্থ ও মায়াকান্নায় কান না দিয়ে অবৈধ দখলদারিত্বমুক্ত খুলনা গড়ার কাজে কেসিসি প্রশাসনকে কঠোর অবস্থান বজায় রাখতে হবে।











































