সাতক্ষীরা প্রতিনিধি।।
যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে নাকের হাড় ভেঙে দেওয়ার মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে ১৫ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. জাকারিয়া হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পিপি অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ।
মামলার এজাহার ও অভিযোগপত্র সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৫ মে ইসলামী শরিয়াহ অনুযায়ী তিন লাখ এক টাকা দেনমোহরে তানিয়া আরেফিনের সঙ্গে রফিকুল ইসলামের বিয়ে হয়। তানিয়া সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের মৃত আব্দুল মজিদের মেয়ে। রফিকুল ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী প্রতাপপুর গ্রামের মৃত আফছার আলীর ছেলে।
অভিযোগে বলা হয়, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তানিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন রফিকুল। এর ধারাবাহিকতায় ২০২০ সালের ২৫ ডিসেম্বর ভোররাতে ২০ লাখ টাকা যৌতুক দাবি করে তাকে মারধর করা হয়। একপর্যায়ে রড ও ইট দিয়ে আঘাত করলে তার নাকের হাড় ভেঙে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করেন।
এ ঘটনায় তানিয়া আরেফিন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক পর্যালোচনা করে আদালত রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করেন।
রায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আরেকটি ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুই ধারার সাজা একই সঙ্গে কার্যকর হবে।











































