গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে উদ্ভুত পরিস্থিতি এড়াতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিকালে যশোর থেকে গোপালগঞ্জে এসে পৌছায় বিজিবি। জেলার আইন শৃংখলা রক্ষায় কাজ করবে বিজিবি। গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা অবরোধে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ করে। পরে বিকালে জেলার আইন শৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়।
সন্ধ্যায় বিজিবির বহর গোপালগঞ্জে পৌছায়। এরপর তারা জেলা শহরের বিভিন্ন স্থানে টহল দেয়। গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, ‘জেলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি কাজ করছে বিজিবি।’











































