Home জাতীয় ডিসেম্বরেই জেঁকে বসতে পারে শীত, তাপমাত্রা নামতে পারে ৬ ডিগ্রিতে

ডিসেম্বরেই জেঁকে বসতে পারে শীত, তাপমাত্রা নামতে পারে ৬ ডিগ্রিতে

0


ঢাকা অফিস
দেশের উত্তরাঞ্চলে ইতোমধ্যে শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত তাপমাত্রা কমে আসায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় শীতের আমেজ অনুভূত হচ্ছে। তবে রাজধানী ঢাকায় এখনই জোরালো শীতের সম্ভাবনা কম। ডিসেম্বরের শুরুতে অথবা দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকে ঢাকায় শীতের অনুভূতি বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, ডিসেম্বর ও জানুয়ারি মাসে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসতে পারে। এ সময় চার থেকে ছয়টি মৃদু থেকে মাঝারি এবং কখনো তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস বা এর নিচে নামতে শুরু করলে মানুষের মধ্যে শীতের অনুভূতি তৈরি হয়। ইতোমধ্যে দেশের কয়েকটি বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে। গত ৮ নভেম্বর সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি-এই তিন মাসকে শীতকাল হিসেবে গণ্য করা হয়। জলবায়ুগত অবস্থানের কারণে প্রতিবছর এ সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ দেখা যায়। এবারও এর ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা কম। ডিসেম্বর ও জানুয়ারি মাসে কোথাও কোথাও তাপমাত্রা ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। তিনি বলেন, সাধারণত শৈত্যপ্রবাহ চার থেকে সাত দিন স্থায়ী হয়। এরপর তাপমাত্রা কিছুটা বাড়ে এবং আবার কমে যায়। কখনো তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস থাকলেও ঘন কুয়াশার কারণে মানুষের কাছে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মতো শীত অনুভূত হতে পারে।

ঢাকায় শীত কবে?

রাজধানীতে এখনই জোরালো শীতের সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা। বর্তমানে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। পাশের জেলা টাঙ্গাইলের তুলনায় ঢাকায় সাধারণত দেড় থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি থাকে। এ কারণে ঢাকায় শীতের অনুভূতি আসতে কিছুটা সময় লাগতে পারে।

এ কে এম নাজমুল হক বলেন, ডিসেম্বরের শুরুতে অথবা দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকে ঢাকায় শীতের অনুভূতি তৈরি হতে পারে। দেশের উত্তরাঞ্চল, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং খুলনা বিভাগের পশ্চিমাঞ্চলের তুলনায় রাজধানীতে শীতের তীব্রতা সাধারণত কম থাকে। তবে ঘন কুয়াশা ছড়িয়ে পড়লে উত্তরাঞ্চল থেকে কুমিল্লা পর্যন্ত বিভিন্ন এলাকায় শীতের অনুভূতি বাড়তে পারে।

ঢাকায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা তুলনামূলক কম উল্লেখ করে তিনি বলেন, রাজধানীতে সাধারণত তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে থাকে। তবে ঘন কুয়াশার কারণে ‘কোল্ড ডে কন্ডিশন’ তৈরি হতে পারে। এ অবস্থায় শৈত্যপ্রবাহের মতোই তীব্র শীত অনুভূত হতে পারে।

কুয়াশার প্রকোপ কেমন থাকবে?

শীতের সঙ্গে কুয়াশার সম্পর্ক থাকলেও এবারও ঘন কুয়াশার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। বিশেষ করে দিল্লি থেকে বাংলাদেশের পূর্বাঞ্চল, কুমিল্লা পর্যন্ত বিস্তৃত ট্রান্সবাউন্ডারি ফগ বা আন্তসীমান্ত কুয়াশার প্রভাব পড়তে পারে।

এ কে এম নাজমুল হক বলেন, এ ধরনের ঘন কুয়াশা সাধারণত চার থেকে ছয় দিন স্থায়ী হয়। কুয়াশা আসার অন্তত দুই থেকে তিন দিন আগে এ বিষয়ে ধারণা পাওয়া সম্ভব।

এদিকে গত বছরের তুলনায় এবার ঢাকায় শীত বেশি হবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। সময় ঘনিয়ে এলে দুই থেকে তিন দিন আগে এ বিষয়ে পূর্বাভাস দেওয়া সম্ভব হবে।

আবহাওয়াবিদদের মতে, ফেব্রুয়ারির প্রথমার্ধ থেকেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে শুরু করে। সে হিসাবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত শীতের অনুভূতি থাকতে পারে।