Home আঞ্চলিক ডুমুরিয়ায় যুবককে কুপিয়ে জখম, মটরসাইকেল ও টাকা ছিনতাই

ডুমুরিয়ায় যুবককে কুপিয়ে জখম, মটরসাইকেল ও টাকা ছিনতাই

6

স্টাফ রিপোর্টার।।
খুলনার ডুমুরিয়ায় এক মোটরসাইকেল আরোহীকে ধারালো অস্ত্র দিয়ে উপুর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে তাঁর মোটরসাইকেল ও টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মির্জাপুর ওয়াপদা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর জখম সাইফুল ইসলাম (৩৮) বাগেরহাট সদর থানার যাত্রাপুর (রহিমাবাদ) এলাকার বাসিন্দা।


স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ডুমুরিয়ার গুটুদিয়া এলাকা থেকে মোটরসাইকেলে আড়ংঘাটার দিকে যাচ্ছিলেন সাইফুল। পথে মির্জাপুর ওয়াপদা এলাকায় পৌঁছালে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাঁর গতিরোধ করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় এলোপাতাড়ি আঘাত করে মোটরসাইকেলটি ছিনিয়ে নেয় তারা। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে ঘটনার খবর পৌনে ২ ঘন্টায়ও ডুমুরিয়া থানার ওসি বিষয়টি জানেন না বলে গণমাধ্যম কর্মীদের জানান। স্থানীয়দের অভিযোগ বর্তমান ওসির কারনে এলাকায় আইনশৃংখলার চরম অবনতি ঘটেছে।


ঘটনার পর রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এক ভ্যানচালক। পরে তিনি সাইফুল ওরফে শরিফুলকে উদ্ধার করে ডুমুরিয়ার ফাতেমা ক্লিনিকে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় বলে কর্তব্যরত চিকিৎসক জানান। তিনি আরো জানান তার অবস্থা আশংকাজনক। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে উপুর্যুপরি কুপিয়েছে দুর্বৃত্তরা।


প্রকাশ্য সড়কে সন্ধ্যার সময় এমন হামলা ও মোটরসাইকেল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দুর্বৃত্তরা কীভাবে হামলা চালিয়ে মোটরসাইকেল ও টাকা নিয়ে পালিয়ে গেল এবং তারা কারা তা নিয়ে প্রশ্ন উঠেছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত জড়িতদের পরিচয় কিংবা ছিনতাই হওয়া মোটরসাইকেলের সন্ধান ডুমুরিয়ার পুলিশ চিহ্নিত বা উদ্ধার করতে পারেনি। ঘটনার বিষয়ে খুলনার পুলিশ সুপার ওমর ফারুক জানান, বিষয়টি তিনি প্রথমে জানতে পেরে ডুমুরিয়ার ওসিকে জানানো হয়েছে।

তিনি আরো বলেন, ওসিকে বিকালে থানা এলাকায় গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসাতে বলা হয়েছিল। চেকপোস্ট করা হলে হয়তো এ ঘটনা রোধ করা যেতো। তবে তিনি বলেন, ডিএসবির কয়েকটি টিমকে ঘটনান উদঘাটন করে দ্রুত ব্যবস্থাগ্রহনের নির্দেশ দেয়া হয়েছে। তারা কাজ শুরু করেছে। এদিকে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।