Home আঞ্চলিক এনডব্লিউইউ’র মামলায় নিরপেক্ষ তদন্ত নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা: মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

এনডব্লিউইউ’র মামলায় নিরপেক্ষ তদন্ত নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা: মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

25

স্টাফ রিপোর্টার।।

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির (এনডাব্লিউইউ) অভ্যন্তরীণ বিষয় ও আইনি প্রক্রিয়াকে কেন্দ্র করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নিরপেক্ষ তদন্ত কর্মকর্তাদের বিতর্কিত করার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুরে নগরীর সোনাডাঙ্গা মোড়স্থ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এই চিত্র দেখা যায়।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সংঘটিত ঘটনার আইনি তদন্ত শেষে পুলিশ তথ্য-প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষভাবে আদালতে চার্জশিট দাখিল করে। তবে আইনি এই প্রক্রিয়ায় অসন্তুষ্ট হয়ে একটি পক্ষ রাজনৈতিক তকমা ও ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ট্রাস্টি বোর্ডের সদস্য তৌহিদুল ইসলাম আজাদ, পবিত্র কুমার সরকার ও সৈয়দ মোহাম্মদ ওবায়দুল্লাহকে চার্জশিট থেকে বাদ দেওয়ার অভিযোগ তোলে। তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তারা উল্টো লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন ও তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর আশরাফুল আলমের শাস্তির দাবি জানিয়ে আন্দোলনে নামে।

মঙ্গলবার আয়োজিত ওই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমানসহ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী বক্তব্য প্রদান করেন। এসময় আইনি প্রক্রিয়াকে পাশ কাটিয়ে কোনো কোনো বক্তা কেএমপি কমিশনারের কার্যালয় ঘেরাওয়ের মতো আল্টিমেটাম ও হুঁশিয়ারি দেন। কর্মসূচি শেষে তারা কেএমপি কমিশনার বরাবর একটি স্মারকলিপিও প্রদান করেন।

আইনবিদ ও সচেতন মহলের মতে, কোনো ফৌজদারি মামলার তদন্ত পুলিশ সম্পূর্ণ পেশাদারিত্ব ও সাক্ষ্য-প্রমাণের ওপর ভিত্তি করে সম্পন্ন করে থাকে। চার্জশিটে কোনো অসঙ্গতি বা অসন্তোষ থাকলে সংক্ষুব্ধ পক্ষ আদালতে নারাজি দাখিল করার আইনি সুযোগ পান।

এ বিষয়ে পুলিশ প্রশাসনের দায়িত্বশীল সূত্র জানায়, পুলিশ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাবে নয়, বরং পেশাদারিত্বের সাথে সঠিক সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছে। আইনি প্রক্রিয়াকে অন্যদিকে প্রবাহিত না করে আদালতের মাধ্যমে প্রতিকার চাওয়াই যথাযথ পথ।