Home আঞ্চলিক খুবিতে ভর্তি পরীক্ষা ৪ ও ৫ ফেব্রুয়ারি

খুবিতে ভর্তি পরীক্ষা ৪ ও ৫ ফেব্রুয়ারি

0


স্টাফ রিপোর্টার
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনরায় নির্ধারণ করা হয়েছে। আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৪ ফেব্রুয়ারি ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের আওতায় রয়েছে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিসিপ্লিনসমূহ এবং ‘বি’ ইউনিটের আওতায় রয়েছে জীববিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনসমূহ।
পরদিন ৫ ফেব্রুয়ারি ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘সি’ ইউনিটের আওতায় রয়েছে কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল এবং চারুকলা স্কুলের ডিসিপ্লিনসমূহ। অন্যদিকে, ‘ডি’ ইউনিটের আওতায় রয়েছে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিসিপ্লিনসমূহ। ভর্তি পরীক্ষার আবেদনপদ্ধতি, আবেদনের যোগ্যতা, সময়সূচি ও ভর্তি প্রক্রিয়াসংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।