স্পোর্টস ডেস্ক।।
নারী ও কন্যাশিশুদের অধিকার হরণের প্রতিবাদে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড।
তালেবান সরকারের অধীনে দেশটিতে নারী ও কন্যাশিশুদের প্রতি আচরণ এবং সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আয়োজিত টুর্নামেন্টে আফগানিস্তানের বিপক্ষে খেলতে আপত্তি নেই তাদের।
২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকেই আফগানিস্তানে নারীদের খেলাধুলার সুযোগ কার্যত বন্ধ হয়ে গেছে।
পাশাপাশি শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও নারীদের সুযোগ ব্যাপকভাবে সংকুচিত হয়েছে। তালেবান সরকারের দাবি, ইসলামি আইন ও স্থানীয় রীতিনীতির ব্যাখ্যা অনুযায়ী তারা নারীদের অধিকারকে সম্মান করে। তাদের মতে, দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো স্থানীয়ভাবেই সমাধান করা উচিত। আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় ক্রিকেটীয় সম্পর্ক স্থগিত রাখার ক্ষেত্রে স্কটল্যান্ডের সিদ্ধান্ত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
২০১৭ সালে আইসিসির পূর্ণ সদস্যপদ পাওয়া আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ থেকে আগেই সরে দাঁড়িয়েছে এই দুই ক্রিকেট বোর্ড। সোমবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে ক্রিকেট স্কটল্যান্ড জানায়, নারী ও কন্যাশিশুদের ক্রিকেটে অংশগ্রহণ বাড়ানোর প্রতিশ্রুতি এবং আফগানিস্তানের মানবিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসির গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত কিংবা পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হলে অথবা প্রতিবছর নীতিটি পর্যালোচনা করা হবে।
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কোনো পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়নি স্কটল্যান্ড ও আফগানিস্তান। তবে ক্রিকেট স্কটল্যান্ড জানিয়েছে, গত জুলাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে পুরুষ দলের সিরিজের আগে অনুশীলনের জন্য তাদের কাছে সুযোগ-সুবিধা চেয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সেপ্টেম্বরে আফগানিস্তান প্রিমিয়ার লিগের টি-টোয়েন্টি আসরকে সামনে রেখেও স্কটল্যান্ডে অনুশীলনের সুযোগ চেয়েছিল তারা।
এদিকে খেলোয়াড়দের সঙ্গে চুক্তিগত বাধ্যবাধকতা বিবেচনায় রাখার কথাও জানিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড। আইসিসি আফগানিস্তানের ঘরোয়া লিগকে আনুষ্ঠানিক অনুমোদন দিলে সেখানে অংশ নিতে খেলোয়াড়দের অনাপত্তিপত্র (এনওসি) দেওয়ার বিষয়টি বিবেচনা করবে সংস্থাটি।
বিবৃতিতে ক্রিকেট স্কটল্যান্ড আরও স্পষ্ট করেছে, কোনো খেলোয়াড়কে এনওসি দেওয়া হলে তা আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী কিংবা তাদের নীতির প্রতি ক্রিকেট স্কটল্যান্ডের সমর্থন হিসেবে বিবেচিত হবে না।
এ বিষয়ে মন্তব্য জানতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছে বার্তা সংস্থা রয়টার্স। তবে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।











































