স্পোর্টস ডেস্ক।।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
লাহোর কালান্দার্সের বিভিন্ন হাই পারফরম্যান্স সেন্টারের সার্বিক উন্নয়ন কার্যক্রম ও আধুনিকায়ন প্রক্রিয়া দেখভাল করবেন তিনি।
ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, হাই পারফরম্যান্স সেন্টারগুলোর কার্যক্রমে তরুণ ক্রিকেটারদের আধুনিক প্রশিক্ষণ, উন্নত কোচিং পদ্ধতি এবং সামগ্রিক প্রতিভা বিকাশের বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন আমিনুল ইসলাম।
মূলত তৃণমূল পর্যায়ে ক্রিকেটের প্রসার এবং উন্নয়ন কার্যক্রমকে আরও বেশি শক্তিশালী করার পাশাপাশি খুব শীঘ্রই বাংলাদেশে নিজেদের ক্রিকেটীয় কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে লাহোর কালান্দার্সের। আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন ও প্রশাসনে আমিনুল ইসলামের সুদীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এই সুদূরপ্রসারী উদ্যোগ বাস্তবায়ন করতে চায় ফ্র্যাঞ্চাইজিটি।
খেলোয়াড়ি জীবনের গণ্ডি পেরিয়ে ক্রিকেট প্রশাসনে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন আমিনুল ইসলাম বুলবুল। দীর্ঘ এক দশক অর্থাৎ ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ক্রিকেট ডেভেলপমেন্ট অফিসার হিসেবেও কাজ করার সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। এছাড়া তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্বও পালন করেছেন।
উল্লেখ্য, বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনে ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে মাঠ মাতিয়েছেন আমিনুল। বিশেষ করে ১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।











































