স্পোর্টস ডেস্ক।।
দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে বাংলাদেশের। ১৭ বছর পর আগামী বছর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলার অপেক্ষা।
‘ক্রিকেটের তীর্থভূমি’ লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। তবে সেই সফর এখন আর এক ম্যাচে সীমাবদ্ধ থাকছে না। সফর দীর্ঘ হচ্ছে। আয়ারল্যান্ডের বিপক্ষেও একটি টেস্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লর্ডস টেস্টের আগে তাই আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি হবে চেমসফোর্ডে। কাউন্টি দল এসেক্সের এই মাঠে ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। তবে এখনো মাঠটিদে কোনো টেস্ট হয়নি।
দুটি টেস্টের আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। তিন অথবা চার দিনের হতে পারে। ফলে ইংল্যান্ড সফরটা বেশ লম্বাই হচ্ছে। বাংলাদেশ সর্বশেষ ২০১০ সালে ইংল্যান্ড সফর করেছিল। সেবার দুটি টেস্ট খেলেছিল। এর আগে ২০০৫ সালেও ইংল্যান্ডের মাটিতে দুটি টেস্ট খেলেছিল বাংলাদেশ।
আগামী বছরের মে মাসে লর্ডসে হবে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টটি। এর আগে ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে এসে দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড। অর্থাৎ দুই দেশই আগামী বছর একে অপরের মাটিতে টেস্ট খেলার সুযোগ পাচ্ছে।











































