Home খেলাধুলা নাঈম শেখের ওপরই আস্থা রাখছেন বাশার

নাঈম শেখের ওপরই আস্থা রাখছেন বাশার

0

স্পোর্টস ডেস্ক।।

টি২০ ম্যাচে ছয় বছরে তাঁকে থিতু করার কম চেষ্টা করেননি হাবিবুল বাশার সুমন, ৩৯টি ম্যাচ খেলিয়েও স্ট্রাইকরেট টেনেটুনে ১০২.২৫। ঘরোয়া ক্রিকেটে হাজার হাজার রান করে যাওয়া নাঈম শেখকে নিয়ে চেষ্টা করানো হয়েছিল ওডিআইতেও, কিন্তু সেখানেএ ১২.৭৫ গড়ে ৯ ম্যাচের বেশি খেলানো যায়নি। বাকি ছিল টেস্ট ফরম্যাট, সেখানেও একটিমাত্র টেস্ট খেলানো হয়েছিল তাঁকে নিউজিল্যান্ডের মাটিতে। প্রায় চার বছর পর সেই নাঈম শেখকে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট স্কোয়াডে ডাকলেন নির্বাচক প্রধান। যুক্তি তাঁকে তৈরি করে নেওয়া– ‘সাম্প্রতিক ফর্ম খুব ভালো।’

সাদমান ইসলাম ইনজুরিতে পড়ায় পুরোনো নাঈম শেখের সঙ্গে ওপেনিংয়ে নতুন মুখ মাহফিজুল ইসলাম রবিনকেও ডেকেছেন তিনি। জাতীয় লিগে সর্বাধিক রান করার পুরস্কার পেয়েছেন এই ডানহাতি ওপেনার। দক্ষিণ আফ্রিকার কন্ডিশন মাথায় রেখে স্কোয়াডে চার পেসারের বিপরীতে রাখা হয়েছে দুই স্পিনার, সেখানে তাইজুল অফ ফর্মে থাকলেও টিকে গেছেন, কাটা পড়েছেন নাঈম ইসলাম। তবে রহস্যটা থেকে গেছে পেসার নাহিদ রানাকে নিয়ে। ইনজুরি কাটিয়ে তিনি সুস্থ হলেও টেস্ট কিংবা ওয়ানডে নয়, তিনি নাকি ফিরতে পারেন দক্ষিণ আফ্রিকায় টি২০ সিরিজে। তাহলে কি নাহিদ রানাও লাল বলে আগ্রহ হারিয়ে মুস্তাফিজের মতো শুধুই টি২০তে ক্যারিয়ার বাড়াতে চান?

নির্বাচক প্রধান হাবিবুল বাশার সুমনের যুক্তি তৈরি করাই থাকে– প্রয়োজনে হাফ গ্লাস ফাঁকা বলেন, প্রয়োজনে ভরা। তাইজুলকে দলে রাখার যুক্তি, ‘তাইজুলের ফর্ম নিয়ে আমরা অবশ্যই চিন্তিত। তবে ডানহাতি হিসেবে অফ স্পিনার মিরাজ আছে। সে দলের বড় সম্পদ। তাই বাঁহাতি স্পিনার নিলে এই মুহূর্তে আসলে তাইজুলের ওপর ভরসা রাখতে চাই, যদিও সে একটু অফ ফর্মে গত দুই-তিন টেস্টে। তবে তাইজুলকে ফর্মে ফেরানো খুব দরকার। তাই এখনই তাকে বাদ দিতে চাই না।’ আর সৌম্যকে বাদ দেওয়ার ব্যাপারেও বাশার দেখছেন ‘হাফ গ্লাস ফাঁকা’ অজুহাত। ‘সৌম্যকে দলে নিয়েছিলাম ওপেনার হিসেবে, তাকে আমরা সুযোগ দিতে পারিনি। তবে তার বর্তমান ফর্ম নিয়ে আমরা চিন্তিত।’ যে দল সেই ডারউইন টেস্ট জয়ের পর তিন ফরম্যাটে গত আটটি ম্যাচের একটিতেই জয়ের মুখ দেখেনি, সেই দলের নির্বাচক কিনা শুধু একজনের ফর্ম নিয়েই চিন্তিত! অস্ট্রেলিয়ার বাউন্সি কন্ডিশনের কথায় মাথায় রেখে সৌম্যকে টেস্ট স্কোয়াডে নিলেও কোনো ম্যাচ খেলানো হয়নি, আফগানিস্তানের সঙ্গে টেস্টেও খেলানো হয়নি।

অথচ সেখানে প্রস্তুতি ম্যাচে তিনি হাফ সেঞ্চুরি করেছিলেন। এরপর আফগানদের বিপক্ষে দুটি ওয়ানডেতে বাজে পারফর্ম করায় তার শাস্তি পেলেন টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়ে! অথচ দক্ষিণ আফ্রিকাতেও ১৫ ও ২৩ নভেম্বর থেকে জোহানেসবার্গ আর সেঞ্চুরিয়নে শুরু হওয়া দুই টেস্টে বাউন্সি পিচের ধারণা থেকেই পেসার খালিদকেও ডাকা হয়েছে তাসকিন, হাসান মাহমুদ, এবাদত হোসেন আর শরিফুলদের সঙ্গে। তবে নবাগত মাহফিজুল ইসলাম রবিনকে নিয়ে আশাবাদী বাশার। ‘আমরা মাহফিজুল রবিনকে দলে নিয়েছি কারণ আমরা মনে করেছি, একজন ডানহাতি ওপেনার থাকা অত্যন্ত জরুরি। এটি এমন কিছু যা আমরা বেশ কিছুদিন ধরেই খুঁজছিলাম। আমাদের হাতে প্রস্তুত অন্য কেউ ছিল না এবং আমরা রবিনকে প্রস্তুতির জন্য একটু বেশি সময় দিতে চেয়েছিলাম। আমি বিশ্বাস করি সে নিজেকে প্রমাণ করেছে; প্রথম শ্রেণির ক্রিকেট এবং ইমার্জিং দলের ম্যাচগুলোতে তাকে বেশ প্রতিভাবান মনে হয়েছে।’ঘড়ি কিনুন

মাহফিজুল এবার জাতীয় লিগে ময়মনসিংহের হয়ে পাঁচ ম্যাচে ৬৭২ রান করেছেন, যার মধ্যে একটি ডাবল সেঞ্চুরিও ছিল। নাঈম শেখ ৬১২ রান করেছেন, যার একটিতে তিনি ২৮২ রান পেয়েছিলেন। কিন্তু গেল আগস্টে ইমার্জিং দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে এই দুজনের কেউই তেমন ভালো করতে পারেননি। মাহফিজুল চার ইনিংসে একটি হাফ সেঞ্চুরিসহ ১১২ রান করেছিলেন, আর নাঈম শেখ ৩ ইনিংসে করেছিলেন মোট ৭২ রান। হাবিবুল বাশার তাতেই মুগ্ধ। ‘আমরা নাঈমকে দক্ষিণ আফ্রিকায় পাঠিয়েছিলাম যেখানে তাকে বেশ ভালো মনে হয়েছিল। রবিনকে প্রস্তুত মনে হচ্ছে কারণ দক্ষিণ আফ্রিকা সফরে (ইমার্জিং দলে) সে ভালো খেলেছে। যে দলটাতে গিয়েছিল, মোটামুটি ভালোই পারফর্ম করেছে।’ হাবিবুলের আশা জাতীয় দলের চ্যালেঞ্জটা নিতে পারবেন মাহফিজুল ইসলাম রবিন।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম রবিন।