Home স্বাস্থ্য শীতের আগেই তেল

শীতের আগেই তেল

2

মিলি রহমান।।

প্রকৃতিতে হালকা শীত অনুভূত হচ্ছে। এ কারণে এখন থেকেই ত্বক ও চুলের বাড়তি যতœ প্রয়োজন। তা না হলে আবহাওয়ার কারণে ত্বক ও চুল রুক্ষ, শুষ্ক হয়ে পড়ে। দেখা দিতে পারে বিভিন্ন সমস্যাও।

ত্বকের যত্নে তেল

শীতকালে ত্বক ভালো রাখতে কয়েকটি তেল বেশ উপকারী। ত্বকের ক্ষেত্রে শোভন মেকওভার বিউটি ক্লিনিক অ্যান্ড মেকওভার স্যালুনের কসমোটোলজিস্ট, স্বত্বাধিকারী শোভন সাহা বলেন, এখন নানা ধরনের সিনথেটিক অয়েল পাওয়া যায়, এগুলো নানা ফ্লেভারের হয়ে থাকে। এগুলো ত্বককে সুন্দর রাখে এবং এর বড় সুবিধা এতে চিটচিটে ভাবটা আসে না। এ সময়ের জন্য উপযোগী। এ ছাড়া নিজের পছন্দ এবং সুট করে এমন এসেনশিয়াল অয়েলগুলো দিলেও সারাদিন একটা ফ্রেশ ভাব আসবে।

নারকেল তেল : শীতকালে ত্বকে নারকেল তেল লাগাতে পারেন। নারকেল তেলে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাংগাল ত্বকের বিভিন্ন রোগ নিরাময় করতে পারে । শুধু তাই নয়, স্কিন টোন ফিরিয়ে আনতেও সহায়তা করে নারকেল তেল । তাই শীতকালে উজ্জ্বল ও মসৃণ ত্বক পেতে নারকেল তেল ব্যবহার করা যেতে পারে।

অলিভ অয়েল : শীতকালে ত্বকের খেয়াল রাখতে বিশেষ সাহায্য করে অলিভ অয়েল। অলিভ অয়েলে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি এজিং উপাদান ত্বকের খেয়াল রাখতে অত্যন্ত কার্যকর। শীতকালে মোলায়েম ত্বক পেতে অলিভ অয়েল ব্যবহার অত্যন্ত প্রয়োজনীয়।

বাদাম তেল : বাদাম তেলে আছে ভিটামিন বি, ভিটামিন সি ও ভিটামিন ই, যা ত্বক ভালো রাখতে সহায়তা করে । বাদাম তেলে শুধু শুষ্ক ত্বক থেকেই মুক্তি পাওয়া যায় না, পাশাপাশি ত্বকে পুষ্টি জোগাতেও সহায়তা করে।

সূর্যমুখীর তেল : সুর্যমুখীর তেলে আছে বিটা ক্যারোটিন ও অ্যান্টি অক্সিডেন্ট। নিয়মিত সূর্যমুখীর তেল ব্যবহার করলে ত্বকের বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে দূরে থাকা যায়। শুধু তাই নয়, ত্বকের ব্রণ দূর করতে সহায়তা করে সূর্যমুখীর তেল।

চুলে তেলের ব্যবহার

শীত আরামদায়ক ঋতু হলেও বিশেষ করে এ সময়টা চুলের জন্য বেশ ক্ষতিকর । শীতকালে চুলের বৃদ্ধি যেমন কমে যায়, তেমনি ভেঙেও যায়। তবে এখন থেকেই সঠিক তেল বেছে নেওয়ার মাধ্যমে মাথার ত্বকের রক্ত সঞ্চালন উন্নত করতে ও আর্দ্রতা ধরে রাখতে পারেন। নিয়মিত তেল ব্যবহারে চুলের গোড়া মজবুতও হয়।

চুলের জন্য এ সময় শোভন নারিকেল তেলটাকেই এগিয়ে রাখছেন। একটু গরম করে হাতের তালুতে নিয়ে ম্যাসাজ করলে খুশকি কমবে। আর যদি সঙ্গে ফাঙ্গাসের কোনো সমস্যা থাকে তাহলে একটু নিম অয়েল সঙ্গে মিশিয়ে নেওয়া যেতে পারে।

নারকেল তেল

নারকেল তেল চুলের গভীরে প্রবেশ করে এবং প্রোটিন ক্ষয় রোধ করে। শীতকালে চুল ভঙ্গুর ও নিস্তেজ হয়ে গেলে এই তেল তা মেরামতে বিশেষভাবে সহায়তা করে। ভালো ফল পেতে নারকেল তেল হালকা গরম করে মাথার ত্বকে ম্যাসাজ করুন যাতে রক্ত সঞ্চালন উন্নত হয় । নিয়মিত এভাবে তেল মালিশ করলে মাথার ত্বকের চুলকানি, শুষ্কতা দূর করে ত্বকে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে।

ক্যাস্টর অয়েল

ক্যাস্টর অয়েল চুলের গোড়া শক্তিশালী করে। শোভন বলেন, অলিভ অয়েল ও ক্যাস্টর অয়েল একসঙ্গে মিশিয়ে দিলে ড্রাইনেস দূর হবে। রেসিনোলিক অ্যাসিড সমৃদ্ধ এই তেল রক্তপ্রবাহ উন্নত করে। এ ছাড়াও নারকেল তেলের সঙ্গে মিশিয়ে এই তেল ব্যবহার করলে ভালো ফল পাবেন।

বাদাম তেল

বাদাম তেল ভিটামিন ই, ম্যাগনেসিয়াম এবং স্বাস্থ্যকর চর্বিতে ভরপুর। ঘন ঘন এই তেল ব্যবহারের ফলে চুল নরম হয়, শীতের কারণে শুষ্কতাও হ্রাস পায়। এটি দ্রুত শোষিত হয়। প্রতিদিন বা রাতে চুলের যতেœর জন্য এই তেল ব্যবহার করতে পারেন।

আমলকীর তেল

আমলকীর তেল ব্যবহারে চুলের গোড়া শক্তিশালী এবং চুল পড়া রোধ হয়। ফলের মতো এই তেলটিও ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ। নিয়মিত এই তেল ব্যবহারে চুলের বৃদ্ধি ভালো হয়।

তিলের তেল

তিলের তেল প্রাকৃতিকভাবে উষ্ণ, ঠা-া আবহাওয়ায় ম্যাসাজের জন্য আদর্শ । এটি মাথার ত্বকে পুষ্টি জোগায়, শুষ্কতা কমায় এবং চুলের গোড়া শক্ত করে। এই তেল মানসিক চাপ এবং উত্তেজনা দূর করতেও সাহায্য করে। নিয়মিত তিলের তেল ব্যবহারে শীতকালে চুল হয়ে ওঠে আরও উজ্জ্বল, স্বাস্থ্যকর।

অলিভ অয়েল

শীতের দিনগুলোতে অলিভ অয়েল চুলে গভীরভাবে পুষ্টি জোগায় এবং চুলের কিউটিকল মসৃণ করতে সাহায্য করে। এটি চুল ভাঙা থেকে রোধ করে। শীতে চুল সুন্দর করতে নিয়মিত এই তেল মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করুন।

সরিষার তেল

সরিষার তেল মাথার ত্বককে উষ্ণ করে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। এতে থাকা ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ও খনিজ উপাদান ফলিকলকে শক্তিশালী করে, চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে এবং চুল পড়া রোধ করতে সাহায্য করে। ভালো ফল পেতে নারকেল তেল বা তিলের তেলের সঙ্গে এই তেল মিশিয়ে ব্যবহার করতে পারেন। তবে ত্বকে হোক বা চুলে এটি দীর্ঘ সময় না রাখার পরামর্শ দেন শোভন সাহা। ম্যাসাজ করে শাওয়ার নিলে আরাম পাওয়া যাবে, এ ছাড়া অস্বস্তি দিতে পারে।