মোংলা প্রতিনিধি।।
সুন্দরবনে বনরক্ষীদের ওপর হামলা ও বিষ প্রয়োগ করার ঘটনায় দায়ের করা মামলায় আট দিন পর গ্রেপ্তার হয়েছেন মোংলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারেফ খাঁ। আগে গ্রেপ্তার হওয়া দুই আসামির জিজ্ঞাসাবাদ ও আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে তাঁর নাম আসায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে স্থানীয় বিএনপির কমিটি নিয়ে বিরোধের জেরে তাঁকে ষড়যন্ত্র করে মামলায় জড়ানোর অভিযোগ করেছে পরিবার।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মোংলার জয়মনি বাজারের আবু সাইদের চায়ের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করে মোংলা থানা পুলিশ। পরে রাতেই তাঁকে দাকোপ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বুধবার দুপুরে দাকোপ থানা পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
গ্রেপ্তার মোশারেফ খাঁ জয়মনি গ্রামের শরকির খাল এলাকার মৃত সাহেব আলী খাঁর ছেলে। তিনি পেশায় মাছের আড়ৎদার ও পোনা ব্যবসায়ী।
খুলনার দাকোপ থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আগে গ্রেপ্তার হওয়া সোহেল শেখ ও লাইজু বেগমকে পুলিশের জিজ্ঞাসাবাদে মোশারেফ খাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এছাড়া আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতেও তাঁরা মোশারেফ জড়িত থাকার কথা উল্লেখ করেছেন। এসব তথ্যের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে মোশারেফের পরিবারের অভিযোগ, স্থানীয় বিএনপির কমিটি নিয়ে দলের একাংশের নেতাদের সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়। সেই বিরোধের জেরে একটি মহল ষড়যন্ত্র করে তাঁকে এ মামলায় ফাঁসিয়েছে। আগে গ্রেপ্তার হওয়া সোহেল ও লাইজু বেগমকে দিয়ে পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যমূলক তথ্য দেওয়ানো হয়েছে বলেও অভিযোগ পরিবারের।
মোশারেফের ছোট ভাই লিটন খাঁ বলেন, তাঁর বড় ভাই ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। সুন্দরবনের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত নন। বরং বনরক্ষীদের ডাকে বিভিন্ন কাজে তিনি নিয়মিত বন বিভাগের কার্যালয়ে যেতেন এবং তাঁদের সহযোগিতা করতেন।
লিটন খাঁর দাবি, গত ২ নভেম্বর বনরক্ষীদের ওপর হামলা ও বনের খালে বিষ প্রয়োগের ঘটনার ভিডিও ফুটেজের কোথাও তাঁর ভাইকে দেখা যায়নি। মামলার মূল এজাহারেও তাঁর নাম ছিল না। ঘটনার আট দিন পর তাঁকে গ্রেপ্তারের ঘটনায় তাঁরা বিস্মিত। তাঁর অভিযোগ, স্থানীয় বিএনপির কমিটি নিয়ে বিরোধের জেরে রাজনৈতিক প্রতিপক্ষ সোহেল ও লাইজুকে দিয়ে তাঁর ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ানোর ব্যবস্থা করেছে। তিনি এ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন।
মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন জানান, মোশারেফ খাঁকে গ্রেপ্তারের জন্য দাকোপ থানা পুলিশ মোংলা থানার সহযোগিতা চেয়েছিল। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তারে সহযোগিতা করা হয়।
উল্লেখ্য, গত ২ নভেম্বর সুন্দরবনের খুলনার দাকোপ এলাকায় বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় বনরক্ষীরা বাধা দিলে তাঁদের ওপর দেশীয় অস্ত্র দা নিয়ে হামলা চালান অভিযুক্ত ব্যক্তিরা। এ ঘটনায় ববিভাগের পক্ষ থেকে দাকোপ থানায় মামলা করা হয়।
ঘটনার পর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে গত ৭ নভেম্বর মোংলার জয়মনি গ্রাম থেকে সোহেল শেখ ও তাঁর স্ত্রী লাইজু বেগম দম্পত্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোংলা শহরের বিষ বিক্রেতা সেলিম মিয়াকেও গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাদের তিন জনকেই কারাগারে পাঠানো হয়েছে।











































