স্টাফ রিপোর্টার।।
খুলনায় বর্ণাঢ্য র্যালি, সম্মাননা প্রদান ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব প্রবীণ দিবস-২০২৬ এবং প্রবীণ বান্ধব সংঘের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে নগরীর শহীদ হাদিস পার্ক থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।
র্যালি শেষে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা শুরু হয়। প্রবীণ বান্ধব সংঘের সভাপতি মিনা আজিজুর রহমানের সভাপতিত্বে এবং মোঃ আঃ সবুরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট শফিকুল আলম মনা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রবীণ বান্ধব সংঘের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সমাজের অভিজ্ঞ ও প্রবীণ মানুষদের মূল্যায়নের পাশাপাশি অসহায়-দরিদ্র মানুষের যে কোনো প্রয়োজনে প্রবীণ সংঘের পাশে তিনি সর্বদা থাকবেন। একই সাথে তিনি প্রবীণ বান্ধব সংঘের দাপ্তরিক কাজ পরিচালনার জন্য একটি স্থায়ী কার্যালয় বা অফিস প্রদানের আশ্বাস ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কামরুল ইসলাম সিফাত, সিলভী ফাতিমা, মোঃ আঃ সবুর, কামরুল ইসলাম, আশরাফুজ্জামান, শেখ সিরাজুল ইসলাম, মোঃ মামুনুর রশীদ, জালাল আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রবীণ বান্ধব সংঘের পক্ষ থেকে নগরীর বিশিষ্ট ক্রীড়াবিদ, নাট্যকার ও সমাজসেবকদের মাঝে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি মিনা আজিজুর রহমান উপস্থিত সকল অতিথি, প্রবীণ সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেন।











































