বিনোদন ডেস্ক।।
অভিনয়ের বাইরে এবার মাতৃত্বকালীন একটি ছবি দিয়ে ভক্তদের নজর কেড়েছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সামাজিক মাধ্যমে নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করে প্রচলিত মাতৃত্বকালীন ফটোশুটের চেনা আয়োজন থেকে বেরিয়ে এসেছেন তিনি। ছবিতে লাল প্রিন্টের কুর্তা ও সাদা ট্রাউজার পরা সামান্থাকে সোফায় হেলান দিয়ে বসে থাকতে দেখা যায়। চোখে সানগ্লাস, দুই হাত বেবি বাম্পের ওপর। ছবির ক্যাপশনে রসিকতা করে অভিনেত্রী লিখেছেন, ‘এটাকেই আমার মাতৃত্বকালীন ফটোশুট হিসেবে ধরে নিন।’ তার এমন সাধারণ ও স্বতঃস্ফূর্ত আয়োজন ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
স্বামী চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন সামান্থা। অনাগত সন্তানের প্রস্তুতি নিয়েও সামাজিক মাধ্যমে নানা মুহূর্ত ভাগ করছেন তারা। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সন্তানের জন্য বেবি মনিটরের স্ট্যান্ড তৈরি করছেন রাজ।
গর্ভাবস্থায়ও শরীরচর্চা চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রামে প্রকাশিত আরেক ভিডিওতে গর্ভাবস্থার প্রথম মাস ও নবম মাসে স্কোয়াট করার দৃশ্য পাশাপাশি তুলে ধরেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘শেষ ধাপ।’
এর আগে এক সাক্ষাৎকারে সামান্থা জানিয়েছিলেন, ‘মা ইন্টি বাঙ্গারাম’ সিনেমার ‘থাসাদিয়া’ গানের শুটিং চলাকালে প্রথম অন্তঃসত্ত্বা হওয়ার খবর পান তিনি। সে সময় শারীরিক অস্বস্তি থাকলেও নাচের দৃশ্যে অংশ নিতে হয়েছিল তাকে।
২০২১ সালে ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর দ্বিতীয় মৌসুমে রাজের সঙ্গে কাজের সূত্রে পরিচয় হয় সামান্থার। পরে ‘সিটাডেল : হানি বানি’ সিরিজেও একসঙ্গে কাজ করেন তারা। ২০২৫ সালের ১ ডিসেম্বর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এই জুটি।











































