শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে বন বিভাগের জব্দ করা কয়লাবোঝাই কার্গোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ বুধবার সকালে কার্গোটির কয়লা থেকে ধোঁয়া উঠতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন বনরক্ষীরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
দীর্ঘদিন কার্গোটিতে কয়লা আটকে থাকায় নিচের অংশ উত্তপ্ত হয়ে ওঠে। যার ফলে আগুনের র্সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস ও বন বিভাগ জানিয়েছে। তবে দ্রুত কার্গো থেকে কয়লা খালাসের পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিসের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. আফতাব-ই আলম।
বন বভিাগের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার শ্যামা প্রসাদ রায় জানিয়েছেন, গত ১৮ অক্টোবর সুন্দরবনের ভোলা নদীতে টহল দেওয়ার সময় ইন্দোনেশীয় ২৩০ টন কয়লাবোঝাই কার্গোটি জব্দ করা হয়েছিল। এ সময় কার্গোতে থাকা নয় ব্যক্তিকেও আটক করা হয়। তাদের বিরুদ্ধে বন বিভাগের পক্ষ থেকে মামলা দায়ের করে করা হয়। বর্তমানে তারা বাগেরহাট জেলা কারাগারে রয়েছেন।
পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস বলেছেন, সকাল ১০টার দিকে কয়লা বোঝাই কার্গো থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। ফায়ার কর্মীরা দ্রুত এসে পাম্প মেশিন লাগিয়ে পানি স্প্রে করেন। প্রায় এক ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে সম্পূর্ণ ধোঁয়া নিয়ন্ত্রণ করেন তারা। সঙ্গে সঙ্গে ব্যবস্থা না নিলে হয়তো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. আফতাব-ই আলম বলেন, দীর্ঘদিন বদ্ধ থাকায় বাতাস চলাচল করতে না পারায় কার্গোর নিচের অংশে কয়লায় অতিরিক্ত তাপ উৎপন্ন হয়। যে কারণে আগুনের সৃষ্টি হয়ে ধোঁয়া বের হচ্ছিল। কয়লা দ্রুত খালাস করা না হলে আবারও আগুনের সূত্রপাত হতে পারে।











































