Home আঞ্চলিক দাকোপে বিএনপি কার্যালয়ে আগুন, ককটেল নিক্ষেপ

দাকোপে বিএনপি কার্যালয়ে আগুন, ককটেল নিক্ষেপ

0


দাকোপ (খুলনা) প্রতিনিধি।।

খুলনার দাকোপে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দাকোপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাহেবেরাবাদ এলাকার পোদ্দারগঞ্জ খেয়াঘাটসংলগ্ন কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে পোদ্দারগঞ্জ খেয়াঘাটের ইজারাদার বাইরে এসে বিএনপি কার্যালয়ের সামনে আগুন জ্বলতে দেখেন। এ সময় কার্যালয়ের ব্যানার ও ফেস্টুন ছেঁড়া অবস্থায় ছিল। তিনি দক্ষিণ দিকে দুটি মোটরসাইকেলের পেছনের আলো দেখতে পান। পরে আশপাশের দোকানদার ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

খবর পেয়ে রাতেই দাকোপ থানা-পুলিশ ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

চালনা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফফর হোসেন বলেন, ঘটনার পরপরই তারা নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। ঘটনার প্রতিবাদে বুধবার বিকালে জেলা বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে উপজেলা সদর চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দাকোপ থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে একটি ভাঙা কাচের বোতল ও পেট্রলভর্তি একটি বোতল উদ্ধার করা হয়েছে। তবে বুধবার বিকাল ৫টা পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে জানার চেষ্টা চলছে।