মিলি রহমান।।
বাংলার ঐতিহ্যবাহী বয়নশিল্প জামদানি। কিন্তু জামদানি মানে কি শুধুই শাড়ি! আজকের ডিজাইনাররা জামদানি শিল্পকে শুধুই শাড়িতে আটকে না রেখে এর ব্যবহারে যোগ করেছেন ভিন্ন মাত্রা। বলা যায়, জামদানি মোটিফ ব্যবহার করে পোশাকে সৃষ্টি হয়েছে নতুন এক ফ্যাশন।
ঐতিহ্যের বুননে আধুনিক পোশাক
জামদানি বলতেই চোখের সামনে ভেসে ওঠে আভিজাত্যে মোড়ানো ছয় গজের একখানা শাড়ি। উৎসব, বিয়ে কিংবা বিশেষ কোনো আয়োজনে জামদানির আবেদন বরাবরই অনন্য। তবে সময়ের সঙ্গে বদলাচ্ছে ফ্যাশনের ভাষা, বদলাচ্ছে ঐতিহ্যবাহী এই বস্ত্রের ব্যবহারও। এখন আর জামদানি শুধু শাড়িতে সীমাবদ্ধ নেই। জামদানি বুননের কাপড়ে তৈরি হচ্ছে কটি, কুর্তা, জ্যাকেট, শার্ট, টপসসহ নানা ধরনের পোশাক। বিশেষ করে শীতের সাজে জামদানির নান্দনিক বুনন যোগ করছে ভিন্নমাত্রা। তবে কারুশিল্পী বাতায়নের তথ্য অনুযায়ী, জামদানি বলতে কেবল শাড়ি বোঝায় না, ঐতিহ্যবাহী নকশায় বোনা ওড়না, কুর্তা, পাগড়ি, ঘাগরার মতো পোশাকও জামদানির অন্তর্ভুক্ত। সপ্তদশ শতাব্দীতে জামদানি নকশার কুর্তা ও শেরওয়ানি ব্যবহারের তথ্যও রয়েছে। অর্থাৎ শাড়ির বাইরেও জামদানির পোশাক তৈরির ঐতিহ্য নতুন নয়, বরং আধুনিক ফ্যাশনে তা নতুনভাবে ফিরে আসছে।
শীতের পোশাকে জামদানি
হালকা শীতের দিনে ভারী পোশাকের বদলে এমন কিছু পরতে ইচ্ছা করে, যাতে উষ্ণতার পাশাপাশি থাকে স্বাচ্ছন্দ্য ও আভিজাত্য। এ ক্ষেত্রে জামদানি বুননের লং কটি হতে পারে আকর্ষণীয় সংযোজন। একরঙা কুর্তা, টপস কিংবা সাধারণ শার্টের ওপর জামদানি কটি পরলেই সাজে আসে উৎসবের ছোঁয়া। স্ট্রেট কাট, এ-লাইন কিংবা সামনের দিকে খোলা নকশার কটির সঙ্গে পালাজ্জো, স্ট্রেট প্যান্ট বা জিনস মানিয়ে যায়। অফিস, বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা ছোটখাটো অনুষ্ঠানে এমন পোশাক হতে পারে ভিন্নধর্মী পছন্দ।
জামদানি শার্টও শীতের পোশাকে আনতে পারে নতুনত্ব। নারী-পুরুষ উভয়ের জন্যই তৈরি হতে পারে এই শার্ট। ওভারসাইজড, বক্সি কিংবা লংলাইন কাটের শার্টের সঙ্গে গাঢ় রঙের প্যান্ট বা ডেনিমের সমন্বয় তৈরি করবে আধুনিক লুক। অন্যদিকে জামদানি বুননের কুর্তা, টপস কিংবা হালকা জ্যাকেটেও ফুটে উঠতে পারে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন।
নকশায় আধুনিকতা
জামদানির বুটি, পান্না হাজার, করলা পাড়, কলকা কিংবা জ্যামিতিক নকশা পোশাকের বিভিন্ন অংশে ব্যবহার করা যায়। পুরো পোশাকে ঘন নকশার পরিবর্তে কটির সামনের অংশ, জ্যাকেটের কলার, হাতা, পকেট কিংবা কুর্তার গলায় জামদানি মোটিফ ব্যবহার করলে পোশাকে আসে পরিমিত আভিজাত্য। রঙের ক্ষেত্রেও কালো, মেরুন, নেভি ব্লু কিংবা বোতল সবুজের মতো রঙের সঙ্গে সোনালি বা বিপরীত রঙের নকশা জমকালো আবহ তৈরি করতে পারে।
শীতের পোশাকে জামদানি মোটিফ ব্যবহারের উদাহরণ সৃষ্টি করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড বেনে বউ। শীতের পোশাকে জামদানি সম্পর্কে জানতে চাইলে ফ্যাশন হাউস বেনে বৌ-এর উদ্যোক্তা ফারহানা মুনমুন বলেন, ‘আমাদের দেশে এখন খুব বেশি জাঁকালো শীতটা পড়ে না। এখন শীতটা একটু হালকা হয়। তবে এক মাস একটু ভারী শীতও পড়ে। জামদানির প্রচলিত শাড়ির কাপড়ের বাইরে গিয়ে আমি নতুনত্ব আনতে নারায়ণগঞ্জে মোটা সুতি সুতায় ও ফ্যাব্রিকে জামদানি বুননের সঙ্গে ঐতিহ্যবাহী বুটিদার, পান্না হাজার, করলা পাড় ও কলকা মোটিফ ফুটিয়ে তুলে আধুনিক কাটিংয়ের সমন্বয়ে তৈরি পোশাকে করি।’ জামদানির হালকা ও ভারী শীত উপযোগী লং ও শর্ট কোট, জ্যাকেট, টপস, প্যান্ট, শাল, চাদর, কার্ডিগান ও কটি এখন দৈনন্দিন ফ্যাশনেও জায়গা করে নিচ্ছে। পাশাপাশি শীতপ্রধান দেশের উপযোগী পোশাকও তৈরি করছেন মুনমুন। পোশাকের রঙের ক্ষেত্রে কালো, ব্লু ও অন্যান্য ডার্ক কালারকে প্রাধান্য দিচ্ছেন তিনি। তার তৈরি এই বিশেষ ফ্যাব্রিক সহজে ধোয়া যায়, পরতেও আরামদায়ক এবং সহজে ফেঁসে বা ছিঁড়ে যায় না। প্রচলিত জামদানি ফ্যাব্রিকের বাইরে যেকোনো আবহাওয়ায় ব্যবহারোপযোগী পোশাক তৈরি করাকেই তিনি ক্রেতাদের জন্য নতুনত্ব হিসেবে দেখছেন।
আসুক নতুন ভাবনা
জামদানি দিয়ে নতুন পোশাক তৈরির ক্ষেত্রে একটি বিষয় গুরুত্বপূর্ণ- শাড়ি কেটে পোশাক বানানোই একমাত্র উপায় নয়। জামদানি বুননের আলাদা কাপড় বা থান তৈরি করে তা দিয়ে পোশাক বানানো গেলে শাড়ির স্বাতন্ত্র্যও অক্ষুণœ থাকে, আবার নতুন পণ্যের বাজারও তৈরি হয়। জামদানি বুননের পোশাকের সঙ্গে অতিরিক্ত গয়না বা সাজসজ্জার প্রয়োজন নেই। একটি নান্দনিক কটি বা জ্যাকেটের সঙ্গে সাধারণ টপস, মানানসই প্যান্ট, ছোট কানের দুল কিংবা দেশীয় গয়নায় সম্পূর্ণ হতে পারে সাজ।











































