Home বিনোদন একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

2


বিনোদন ডেস্ক

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। দেশের পাশাপাশি তার জনপ্রিয়তা ওপার বাংলাতেও। টালিউডের অনেক তারকার সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন বাংলাদেশের এই অভিনেত্রী। আর এবার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন জয়া আহসান। ‘আরএসভিপি মার্ডার’ সিনেমায় তাদের একসঙ্গে দেখা যাবে। এটি পরিচালনা করছেন অর্জুন দত্ত।

পাহাড়ের পটভূমিতে একটি আনন্দঘন পার্টি বা জমজমাট অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হবে সিনেমার গল্প। কিন্তু সেই আনন্দের মাঝে হঠাৎ অস্বস্তিকর বার্তা আসে। মুহূর্তের মধ্যে উৎসবের আনন্দ বদলে রূপ নেয় ভয়ংকর রহস্যে। তদন্ত যত এগোতে থাকে, ততই বেরিয়ে আসতে থাকে বন্ধুত্বের মুখোশ, দাম্পত্যের টানাপোড়েন এবং পারিবারিক গোপন ক্ষোভ।

আপাতদৃষ্টিতে সুন্দর ও স্বাভাবিক সম্পর্কগুলোর আড়ালে প্রত্যেকেই যেন কিছু না কিছু লুকিয়ে রাখতে মরিয়া। পাহাড়ের মনোরম ও শান্ত পরিবেশের আড়ালে লুকিয়ে থাকা ভয়ংকর মানসিক দ্বন্দ্ব, গোপন সত্য, ঈর্ষা এবং বিশ্বাসঘাতকতার অদ্ভুত সমীকরণ সিনেমাতে তুলে ধরা হবে।

জয়া আহসান বলেন, ‘অর্জুন আমার অত্যন্ত পছন্দের একজন পরিচালক। “আরএসভিপি মার্ডার” একটি মার্ডার মিস্ট্রি আর এই সিনেমার অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। চরিত্রটি ফুটিয়ে তোলার মধ্যে আলাদা একটা চ্যালেঞ্জ রয়েছে।’

সিনেমাতে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। তিনি বলেন, ‘অর্জুনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত। সিনেমার গল্প ও আমার চরিত্রটা দারুণ। এর আগে এ ধরনের চরিত্রে কখনো অভিনয় করিনি। দর্শক আমাকে একদম নতুন রূপে দেখতে পাবেন।’

জয়া-শ্রাবন্তী ছাড়াও সিনেমাতে অভিনয় করবেন- শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, অনুরাধা বন্দ্যোপাধ্যায়, লোকনাথ দে, গৌরব রায় চৌধুরী প্রমুখ। চলতি মাসের শেষের দিকে সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হবে বলে জানা গেছে।