আন্তর্জাতিক ডেস্ক।।
চীনের অর্থ ও বিনিয়োগ খাতে দীর্ঘদিন কাজ করার পর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের বৈশ্বিক প্রতিযোগিতায় আলোচনায় এসেছেন চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াং। এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক এবং চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগকে কেন্দ্র করে এখন যুক্তরাষ্ট্রের তদন্তের মুখে পড়েছেন তিনি।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়। তবে অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। চীনও এ অভিযোগ অস্বীকার করেছে।
রয়টার্সের পর্যালোচনা করা ৩০টির বেশি আর্থিক নথি, করপোরেট নিবন্ধন ও প্রতিষ্ঠানের প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘হুয়াং লে’ নামেও পরিচিত অ্যালিস হুয়াং আগে সাংহাইয়ের একটি বিনিয়োগ প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। পরে সিঙ্গাপুরভিত্তিক ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠান মেগাস্পিড ইন্টারন্যাশনালের নিয়ন্ত্রণকারী শেয়ারহোল্ডার হন তিনি।
গত মাসে নিউইয়র্ক টাইমস–এর এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের ধারণা, অ্যালিস হুয়াং চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন এবং জেনসেন হুয়াংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার সময় বেইজিংয়ের কাছে তথ্য সরবরাহ করেছেন। তবে অ্যালিস ও জেনসেন হুয়াংয়ের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই।
এ অভিযোগের বিষয়ে রয়টার্স স্বাধীনভাবে নিশ্চিত হতে পারেনি। অ্যালিস হুয়াংয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার অবস্থান শনাক্ত করা যায়নি। মেগাস্পিডও মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
এদিকে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তাদের সিইও বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্য হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখতে স্বাধীন তদন্ত শুরু করেছে। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাসংক্রান্ত তথ্য কিংবা কোম্পানির বাণিজ্যিক গোপনীয়তা ক্ষতিগ্রস্ত হয়েছে এমন বিশ্বাস করার কোনো কারণ তাদের নেই।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, এ ঘটনা নিয়ে এফবিআইও তদন্ত করছে। তার দাবি, জেনসেন হুয়াং তাকে বলেছেন, ওই নারী যে গুপ্তচর ছিলেন, সে বিষয়ে তার কোনো ধারণা ছিল না। ট্রাম্প আরও বলেন, অভিযোগগুলো শুনে তিনি বিস্মিত হয়েছেন।
চীনা আর্থিক প্রকাশনা কাইশিন–এর তথ্য অনুযায়ী, অ্যালিস হুয়াংয়ের বয়স আনুমানিক ৪২ বছর। চীনের বিভিন্ন তহবিলশিল্প-সংক্রান্ত নথি ও বেসরকারি বিনিয়োগ তহবিলের তথ্যভান্ডার সিমুওয়াংয়ের একটি প্রোফাইলে তার ব্যাংকিং, বিনিয়োগ ব্যবস্থাপনা এবং টেলিভিশন সাংবাদিকতায় কাজের অভিজ্ঞতার উল্লেখ রয়েছে।
মেগাস্পিডে যুক্ত হওয়ার আগে তিনি সাংহাইভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান সাংহাই হেক্সি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে জ্যেষ্ঠ পদে ছিলেন। প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উইচ্যাট অ্যাকাউন্টে ২০১৬ থেকে ২০১৭ সালের কয়েকটি পোস্টে তাকে উপমহাব্যবস্থাপক, নির্বাহী পরিচালক এবং বিনিয়োগ সিদ্ধান্ত কমিটির সদস্য হিসেবে পরিচয় দেওয়া হয়। এসব পোস্টে বলা হয়েছিল, তিনি আগে হংকংয়ে এইচএসবিসির প্রাইভেট ব্যাংকিং বিভাগ এবং সিআইটিআইসি সিকিউরিটিজে কাজ করেছেন।
রয়টার্সের দেখা হেক্সির একটি বিজনেস কার্ডেও তাকে অংশীদার ও মহাব্যবস্থাপক হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে সাংহাইয়ের লুজিয়াজুই এলাকায় কার্ডে দেওয়া ঠিকানায় গিয়ে প্রতিষ্ঠানটির কোনো সাইনবোর্ড বা কর্মীর উপস্থিতি পায়নি রয়টার্স। ফোন ও ই-মেইলে যোগাযোগের চেষ্টাও সফল হয়নি।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা সি৪এডিএসের পর্যালোচনা করা করপোরেট নথি অনুযায়ী, ২০২৩ সালের মার্চে মেগাস্পিডের নিয়ন্ত্রণকারী শেয়ারহোল্ডার হন অ্যালিস। ২০১৫ সালে সিঙ্গাপুরে ‘সেভেনরোড ইন্টারন্যাশনাল’ নামে প্রতিষ্ঠিত কোম্পানিটি ক্লাউড কম্পিউটিং সেবা দিয়ে থাকে। নিজেদের ওয়েবসাইটে প্রতিষ্ঠানটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এনভিডিয়ার ব্যবসায়িক অংশীদার বলে পরিচয় দিয়েছে।
২০২৩ সালের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত মেগাস্পিডের ইন্দোনেশীয় সহযোগী প্রতিষ্ঠানের পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন অ্যালিস। তবে একই বছরের শেষ দিকে মেগাস্পিডের ১ কোটি সাধারণ শেয়ার সিঙ্গাপুরভিত্তিক সুইফটডেটার কাছে হস্তান্তর করা হয়। সুইফটডেটার চূড়ান্ত নিয়ন্ত্রণ কার হাতে, তা নির্ধারণ করতে পারেনি সি৪এডিএস। তবে অ্যালিস পরবর্তী সময়েও মেগাস্পিডের ওপর প্রভাব বজায় রেখে থাকতে পারেন বলে সংস্থাটির মূল্যায়ন।
২০২৫ সালের অক্টোবরে নিউইয়র্ক টাইমস–এর প্রতিবেদনে মেগাস্পিডের বিরুদ্ধে তদন্তের বিষয়টি সামনে আসে। যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণের আওতায় থাকা উন্নত এনভিডিয়া চিপ চীনা গ্রাহকদের কাছে পৌঁছাতে প্রতিষ্ঠানটি সহায়তা করছিল কি না, তা খতিয়ে দেখছিল মার্কিন কর্তৃপক্ষ। তবে প্রতিষ্ঠানটি রপ্তানি আইন লঙ্ঘন করেছে এমন কোনো প্রকাশ্য সিদ্ধান্ত এখনো আসেনি।
রয়টার্সের পর্যালোচনা করা আমদানি-রপ্তানির নথিতে দেখা যায়, ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে মেগাস্পিডের ইন্দোনেশীয় সহযোগী প্রতিষ্ঠান এনভিডিয়ার বিভিন্ন হার্ডওয়্যার আমদানি করেছে। এর মধ্যে রয়েছে এইচ১০০ প্রসেসর ও সংশ্লিষ্ট যন্ত্রাংশ। সরবরাহকারীদের মধ্যে ছিল গিগাবাইটের সহযোগী প্রতিষ্ঠান গিগা কম্পিউটিং।
এইচ১০০ এনভিডিয়ার এমন একটি উন্নত প্রসেসর, যা চীনে রপ্তানির ক্ষেত্রে মার্কিন বিধিনিষেধের আওতায় রয়েছে। তবে ইন্দোনেশিয়ায় এসব পণ্য আমদানি করা হয়েছে এ তথ্য একাই যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের প্রমাণ নয়।
২০২৪ সালে তাইওয়ানের সার্ভার নির্মাতা গিগাবাইটের আয়োজিত এক অনুষ্ঠানে অ্যালিস ও জেনসেন হুয়াং দুজনই উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন সেখানে অংশ নেওয়া এক ব্যক্তি। লিংকডইনে প্রকাশিত একটি ছবিতেও তাঁদের পাশাপাশি বসে থাকতে দেখা যায়।
অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের খবর সামনে আসার পর মার্কিন আইনপ্রণেতারা এনভিডিয়া প্রধানের কাছে ব্যাখ্যা চেয়েছেন। পরামর্শক প্রতিষ্ঠান দ্য এশিয়া গ্রুপের অংশীদার জর্জ চেনের মতে, জেনসেন হুয়াং অ্যালিসের কথিত গোয়েন্দা তৎপরতা সম্পর্কে জানতেন কি না এবং কোনো সংবেদনশীল তথ্য ফাঁস হয়েছে কি না এসব প্রশ্ন এখন গুরুত্বপূর্ণ।
চেন বলেন, জেনসেন হুয়াং যদি ওই নারীর প্রকৃত পরিচয় বা উদ্দেশ্য না জেনে পরিকল্পিতভাবে তার লক্ষ্যবস্তু হয়ে থাকেন, তাহলে তাকেও সম্ভাব্য ভুক্তভোগী হিসেবে দেখা যেতে পারে।
এনভিডিয়ার বক্তব্য, তাদের সিইও প্রতিবছর হাজারো গ্রাহক প্রতিষ্ঠানের নির্বাহীর সঙ্গে বৈঠক করেন। এশিয়ায় তাদের ক্লাউড গ্রাহকেরা সাধারণ ব্যবসায়িক তথ্য পান; কোম্পানির বাণিজ্যিক গোপনীয়তা বা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট তথ্য নয়।
এদিকে রোববার জেনসেন হুয়াং নিজের স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হওয়ার কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। তবে তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান।











































