আন্তর্জাতিক ডেস্ক।।
পবিত্র মক্কার দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এ সময় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কার দুটি স্থানে আছড়ে পড়ে।
যার মধ্যে একটি মসজিদুল হারাম থেকে মাত্র ২১ কিলোমিটার পূর্বে পড়েছে। সৌদি আরব ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর মধ্যে পাল্টাপাল্টি হামলা বেড়ে যাওয়ার মধ্যে গতকাল বুধবার এ ঘটনা ঘটল। বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে সাবুহা গ্রামে এবং প্রায় ২১ কিলোমিটার পূর্বে ওয়াদি আল-মাগামাস এলাকায় পড়েছে।
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওই অঞ্চল লক্ষ্য করে ছোড়া হয়েছিল। তবে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে সেগুলো শনাক্ত করে ভূপাতিত ও ধ্বংস করা হয়।
এর আগে মক্কা ও মদিনায় হামলার অভিযোগ বারবার অস্বীকার করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। তাদের দাবি, সৌদি আরবের পবিত্র এই দুই শহরকে লক্ষ্য করে তারা কোনো অভিযান চালায়নি। বরং সৌদি আরবের অন্যান্য অঞ্চলে সামরিক ও কৌশলগত স্থাপনাগুলো তাদের হামলার লক্ষ্যবস্তু। সর্বশেষ ঘটনার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি গোষ্ঠীটি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে দেওয়া এক বিবৃতিতে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ বলেছে, ‘বেসামরিক স্থাপনায় এ ধরনের শত্রুতামূলক হামলা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এটি হুথি মিলিশিয়াদের অনুসৃত বিপজ্জনক শত্রুতামূলক কর্মকাণ্ডেরই প্রতিফলন।’











































