স্টাফ রিপোর্টার।।
খুলনা নগরীর রূপসা সেতু বাইপাস সড়কের মোস্তফার মোড় এলাকায় সরকারি খাসজমি অবৈধভাবে ভরাট করে রাস্তা নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে ‘তানিশা এগ্রোফার্ম ও আবাসন’ (তানিসা প্রোপার্টিজ) নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে প্রতিষ্ঠানের মালিক ও এলাকার চিহ্নিত ভূমিদস্যু হিসেবে পরিচিত শফিকুল ইসলামের নেতৃত্বে এই অবৈধ দখল ও নির্মাণকাজ শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি মূল্যবান খাসজমি ভরাট করে আবাসন প্রকল্পের রাস্তা তৈরির খবর পেয়ে স্থানীয় ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করার নির্দেশ দেন। তবে সরকারি কর্মকর্তাদের সেই বাধাকেও কোনো প্রকার তোয়াক্কা করা হয়নি। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রকাশ্যে ও বহাল তবিয়তে খাসজমি ভরাট ও রাস্তা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন অভিযুক্ত শফিকুল ইসলাম।

এ বিষয়ে গুটুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধি শেখ তুহিনুল ইসলাম তুহিন গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি খাসজমি জনগণের সম্পত্তি। কোনো প্রভাবশালী ব্যক্তি বা আবাসন প্রতিষ্ঠান গায়ের জোরে এভাবে সরকারি জমি দখল করে রাস্তা নির্মাণ করতে পারে না। ভূমি অফিসের কর্মকর্তারা বাধা দেওয়ার পরও কাজ চলমান থাকা অত্যন্ত দুঃখজনক ও আইনের প্রতি চরম অবজ্ঞার শামিল। আমরা অবিলম্বে এই অবৈধ দখল উচ্ছেদ এবং ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
এ ব্যাপারে শফিকুলের সাথে কতা বলার চেষ্টা করলে তিনি মোবাইল ধরেননি।

এদিকে, দিনদুপুরে প্রশাসনের চোখের সামনে সরকারি সম্পত্তি দখলের এমন ঘটনায় স্থানীয় সচেতন মহলের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরকারি খাসজমি পুনরুদ্ধারের জন্য জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।











































