স্পোর্টস ডেস্ক।।
ব্যাটিংয়ের সময় নিজের মতো করে গান গুনগুন করতেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ। চাপমুক্ত থেকে বলের ওপর মনোযোগ ধরে রাখতেই ছিল তার এই কৌশল। প্রায় দুই দশক পর ২২ গজে যেন ফিরে এল সেই চেনা অভ্যাস।
তবে বাবার মতো গান নয়, ব্যাটিংয়ের সময় মনে মনে ‘সীতা-রাম’ জপ করেন ছেলে আর্যবীর শেবাগ। আর সেই মন্ত্র জপেই যুব ওয়ানডেতে তুলে নিলেন নিজের প্রথম সেঞ্চুরি।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানের কাছে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন আর্যবীর। ওমানের মাঠে অনুষ্ঠিত ম্যাচে তার ব্যাট থেকে আসে ১৬০ রান। চলতি আসরে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। আর্যবীরের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ভারত পায় ৭০ রানের জয়।
ম্যাচসেরার পুরস্কার জয়ের পর নিজের ব্যাটিংয়ের মানসিক প্রস্তুতি নিয়ে কথা বলেন শেবাগ-পুত্র। জানান, এ ক্ষেত্রে বাবার কাছ থেকেই পেয়েছেন গুরুত্বপূর্ণ পরামর্শ। বীরেন্দর শেবাগ তাকে সব সময় বর্তমান মুহূর্তে মনোযোগী থাকতে বলেন। ফলাফল নিয়ে না ভেবে প্রতিটি বলের প্রতি মনোযোগ দেওয়ার পরামর্শ দেন। আর্যবীরের ভাষায়, ‘বাবার সঙ্গে যখন ব্যাটিংয়ের মানসিক দিক নিয়ে কথা বলি, তিনি আমাকে এমন কিছু বলেন, যা বর্তমানে মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। তিনি প্রায়ই গান গাইতেন। কারণ, মনোযোগ ধরে রাখতে সবারই একটা রিসেট বাটন প্রয়োজন। তাই ব্যাটিংয়ের সময় আমি মনে মনে ‘সীতা-রাম’ জপ করতে থাকি, যাতে অন্য কোনো চিন্তা মাথায় ঢুকতে না পারে। আমি শুধু বলের দিকে মনোযোগ দিই এবং বলের মেধা অনুযায়ী শট খেলি। ফিফটি বা সেঞ্চুরি হবে কি না, তা নিয়ে না ভেবে প্রতিটি ডেলিভারিতে মনোযোগ দিই।’
ম্যাচে তিন নম্বরে ব্যাটিংয়ে নামার সময় ভারতের সংগ্রহ ছিল ৬২ রান। মন্থর ও স্পিন সহায়ক উইকেটে শুরুতে বেশ ধৈর্য নিয়ে ব্যাট করেন আর্যবীর। ১৩১ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। তবে তিন অঙ্ক ছোঁয়ার পরই বদলে যায় তার ব্যাটিংয়ের গতি। পরের ৬০ রান তুলতে খেলেন মাত্র ৩৭ বল। ১৭টি চার ও ৭টি ছক্কায় ১৪৮ বলে ১৬০ রানের ইনিংসটি সাজান আর্যবীর। ভিকে বিনীতের সঙ্গে গড়েন ১৯৩ রানের জুটি। তাদের ব্যাটে নির্ধারিত ইনিংসে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩০৯ রান। জবাবে ২৩৯ রানেই থামে সংযুক্ত আরব আমিরাতের ইনিংস। ৭০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
বাবা বীরেন্দর শেবাগ আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজারের বেশি রান করেছেন, আছে দুটি ট্রিপল সেঞ্চুরিও। তবে তার কাছ থেকে প্রশংসা পাওয়া যে সহজ নয়, সেটি ভালোই জানেন আর্যবীর। জানান, আগের রাতেই বাবাকে টুর্নামেন্টে বড় একটি সেঞ্চুরি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি পূরণ করলেও বাবার কাছ থেকে প্রশংসা পাওয়ার অপেক্ষা শেষ হয়নি। আর্যবীর বলেন, ‘বাবার কাছ থেকে প্রশংসা পাওয়া অনেক বড় ব্যাপার। কারণ, তিনি সচরাচর প্রশংসা করেন না। সেঞ্চুরি করি বা না করি, তার মন সহজে গলে না। তিনি শুধু মেসেজে ‘ওয়েল প্লেড’ লিখলেই আমার কাছে দুনিয়ার সেরা অনুভূতি। বাবা বড় সেঞ্চুরি পছন্দ করেন, তাই আমাকে সেই মান বজায় রাখতে হবে।’
২০০৭ সালের অক্টোবরে দিল্লিতে জন্ম আর্যবীরের। বয়সভিত্তিক ক্রিকেটে দিল্লির হয়ে খেলেছেন তিনি। তার ছোট ভাই বেদান্ত শেবাগও অফ স্পিন দিয়ে জাতীয় অনূর্ধ্ব-১৬ প্রতিযোগিতায় নজর কেড়েছেন। তবে আর্যবীরের লক্ষ্য আরও বড়। যুব ক্রিকেটের সাফল্যকে সঙ্গী করে এবার চোখ সিনিয়র জাতীয় দলে জায়গা করে নেওয়ার দিকে।
নিজের ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আর্যবীরের কথা, ‘আমি এখানেই সন্তুষ্ট নই। আরও অনেক সেঞ্চুরি করতে চাই, ভারতকে অনেক ম্যাচ জেতাতে চাই। যেদিন সিনিয়র দলের জার্সি গায়ে চড়াব, আশা করি সেদিন বাবা প্রাণ খুলে আমার প্রশংসা করবেন।











































