খুলনাঞ্চল রিপোর্ট।।
দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী জেলা থেকে আসা ৩৩ কেভি বিতরণ লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের ওপর নির্ভরশীল ছিল সীমান্তবর্তী জেলা মেহেরপুর। দীর্ঘ দূরত্বের কারণে প্রায়ই দেখা দিত কম ভোল্টেজ ও বিদ্যুৎ সরবরাহে নানা সমস্যা। অবশেষে সেই নির্ভরতা কাটিয়ে প্রথমবারের মতো সরাসরি জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে মেহেরপুর জেলা। ১৩২ কেভি সঞ্চালন লাইন ও ১৩২ বা ৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র চালুর মধ্য দিয়ে এ সংযোগ স্থাপন করা হয়েছে। এতে জেলায় বিদ্যুৎ সরবরাহের মান ও নির্ভরযোগ্যতা বাড়ার পাশাপাশি দীর্ঘদিনের লো-ভোল্টেজ সমস্যারও সমাধান হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (১১ নভেম্বর) পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ অক্টোবর কুষ্টিয়া থেকে মেহেরপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার দীর্ঘ ১৩২ কেভি সঞ্চালন লাইন এবং ২৯ অক্টোবর গ্রিড উপকেন্দ্রটি চালু করা হয়। এর ফলে মেহেরপুর প্রথমবারের মতো ১৩২ কেভি ভোল্টেজ স্তরে সরাসরি জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত হলো।
নতুন এ অবকাঠামোর আওতায় মেহেরপুর সদর উপজেলার আলমপুর মৌজায় তিন একর জমির ওপর ২৪০ এমভিএ ক্ষমতাসম্পন্ন ১৩২ বা ৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে। পাশাপাশি কুষ্টিয়া থেকে মেহেরপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার দীর্ঘ ১৩২ কেভি সঞ্চালন লাইন স্থাপনের পাশাপাশি কুষ্টিয়া গ্রিড উপকেন্দ্রে দুটি ১৩২ কেভি বে-এক্সটেনশন নির্মাণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে পাওয়ার গ্রিড বাংলাদেশ জানায়, এতদিন পার্শ্ববর্তী কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলা থেকে ৩৩ কেভি বিতরণ লাইনের মাধ্যমে মেহেরপুরে বিদ্যুৎ সরবরাহ করা হতো। দীর্ঘ দূরত্বের এ বিতরণ ব্যবস্থার কারণে প্রায়ই কম ভোল্টেজসহ বিদ্যুৎ সরবরাহে বিভিন্ন সমস্যা দেখা দিত। নতুন সংযোগের ফলে মেহেরপুরে মানসম্মত ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহের সুযোগ বাড়বে। একই সঙ্গে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা গ্রিড উপকেন্দ্রের ওপর অতিরিক্ত লোডের চাপ কমানো এবং ওভারলোডজনিত সমস্যা নিরসনেও ইতিবাচক প্রভাব পড়বে বলে প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।











































