খুলনাঞ্চল রিপোর্ট।।
জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। তুরস্কের আন্তালিয়ায় স্থানীয় সময় আজ বুধবার বিকাল সাড়ে ৪টায় দুই নেতার মধ্যে এই বৈঠক হয়।
বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিষয়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
বৈঠকের পর সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন সরকারপ্রধান। এ সময় তিনি প্যাভিলিয়নে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্যোগের উপস্থাপনা পর্যবেক্ষণ করেন।
প্রধানমন্ত্রীকে প্যাভিলিয়নে অভ্যর্থনা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
এর আগে স্থানীয় সময় বিকাল পৌনে ৩টায় উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রায় আধাঘণ্টা ধরে হয় ওই বৈঠক।
এদিন স্থানীয় সময় সকালে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। সম্মেলনের লিডার্স লাউঞ্জে বিশ্বনেতাদের সঙ্গে তার সংক্ষিপ্ত আলাপচারিতাও হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়কারীদের মধ্যে ছিলেন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ, লন্ডনের মেয়র সাদিক খান, মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এবং কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ। এ ছাড়া ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এবারের কপ-৩১ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।











































