স্পোর্টস ডেস্ক।।
ফিফা সভাপতি নির্বাচনে বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন আর্সেন ওয়েঙ্গার। ২০২৭ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন ফ্রান্সের সাবেক এই কোচ।
বিবিসি ও দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ৭৭ বছর বয়সী ওয়েঙ্গার বর্তমানে ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০১৯ সাল থেকে এই পদে থাকা তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বরেই। এরই মধ্যে ফিফা সভাপতি পদে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে তার হাতে সময় রয়েছে মাত্র এক সপ্তাহ।
আগামী ১৮ নভেম্বর প্রার্থিতা নিবন্ধনের শেষ দিন। ইউরোপীয় ফুটবলের প্রভাবশালী কয়েকজন ব্যক্তিত্বের সমর্থন পেতে পারেন ওয়েঙ্গার।
ইউরোপীয় ফুটবলের অন্যতম নিয়ন্ত্রক সংস্থা উয়েফা দীর্ঘদিন ধরেই ইনফান্তিনোর বিরোধিতায় সরব। ফলে ওয়েঙ্গারের সম্ভাব্য প্রার্থিতা নির্বাচনে নতুন সমীকরণ তৈরি করতে পারে। তবে তার বয়স নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে এটি বাধা হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেছেন দুজন। তারা হলেন সুইজারল্যান্ডের সাবেক ডিফেন্ডার ও ব্যবসায়ী র্যামন ভেগা এবং জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সাম্মানিক সভাপতি কোজো তাশিমা।
একসময় পুনর্নির্বাচনে ইনফান্তিনোকে প্রায় অপ্রতিদ্বন্দ্বী মনে করা হলেও সম্প্রতি তার অবস্থান কিছুটা দুর্বল হয়েছে। বিশেষ করে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রকল্প ঘিরে বিতর্কের পর। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার এই উদ্যোগের মাধ্যমে টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করার পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। তবে ঘোষণার পরপরই নানা প্রশ্ন ও সমালোচনার মুখে পড়ে প্রকল্পটি। উয়েফার বয়কটের পর শেষ পর্যন্ত উদ্যোগটি বাতিল করা হয়।
তবে প্রকল্পটি বাতিল হলেও বিশ্বজুড়ে ফিফার সদস্য দেশগুলোর মধ্যে ইনফান্তিনোর শক্ত অবস্থান এখনো রয়েছে। ফলে নির্বাচনে ওয়েঙ্গার প্রার্থী হলে লড়াই কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা ফিফা সভাপতি নির্বাচন। সংস্থাটির ২১১টি সদস্য দেশের ভোটে নির্বাচিত হতে হলে প্রার্থীদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতা, অর্থাৎ অন্তত ১০৬টি ভোট পেতে হবে।











































