আন্তর্জাতিক ডেস্ক।।
যুক্তরাষ্ট্রের ডলারের ঊর্ধ্বমুখী অবস্থান এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনায় বিশ্ববাজারে সোনার দরপতন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) টানা তৃতীয় দিনের মতো কমেছে মূল্যবান এই ধাতুর দাম।
এদিন লেনদেনের শুরুতে সোনার দাম এক সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টা ১২ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ১ দশমিক ৪ শতাংশ কমে ৩ হাজার ৯৩১ ডলার ৫৪ সেন্টে দাঁড়ায়।
দিনের শুরুতে দাম ৪ নভেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ডিসেম্বর সরবরাহের জন্য সোনার আগাম দাম কমেছে ১ দশমিক ৬ শতাংশ। প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৯৩৬ ডলার ৮০ সেন্টে।
স্যাক্সো ব্যাংকের পণ্যবাজার কৌশল বিভাগের প্রধান ওলে হ্যানসেন বলেন, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি অব্যাহত থাকা এবং ফেডের কয়েকজন কর্মকর্তার সুদের হার বাড়ানোর পক্ষে কঠোর অবস্থানের কারণে বাজারে স্বর্ণ বিক্রির প্রবণতা বেড়েছে। এতে গুরুত্বপূর্ণ সমর্থনমূল্য ৩ হাজার ৯৭০ ডলারের নিচে নেমে গেছে সোনার দাম।
তিনি আরও বলেন, প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর আগামী ডিসেম্বরে ফেডের নীতিনির্ধারণী বৈঠকে সুদের হার ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা জোরালো হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে কমেছে, যা আগামী মাসগুলোতে মূল্যস্ফীতির চাপ কমাতে সহায়তা করতে পারে।
মঙ্গলবার প্রকাশিত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অক্টোবরে ভোক্তা মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। এর প্রভাবে মার্কিন ডলার ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। একই সঙ্গে ফেড সুদের হার আরও বাড়াতে পারে-এমন প্রত্যাশায় বিনিয়োগকারীদের মধ্যে ডলারের প্রতি আগ্রহ বেড়েছে।
শিকাগো মারকেন্টাইল এক্সচেঞ্জের ফেডওয়াচ সূচকের তথ্য বলছে, আগামী ডিসেম্বরে সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা এখন ৮৯ শতাংশ। অন্যদিকে, ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে শূন্য থাকলেও এখন বেড়ে ১১ শতাংশে দাঁড়িয়েছে।
সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সোনাকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। তবে সুদের হার বাড়লে সুদ পাওয়া যায় না এমন সম্পদ হিসেবে সোনার আকর্ষণ কমে যায়। পাশাপাশি ডলারের দাম বাড়লে অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য সোনাকেনা ব্যয়বহুল হয়ে ওঠে। এসব কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দামে নিম্নমুখী চাপ তৈরি হয়েছে।
এদিকে, সুদের হারের ভবিষ্যৎ গতিপথ সম্পর্কে ধারণা পেতে বিনিয়োগকারীরা শুক্রবার প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের উৎপাদক মূল্যসূচকের তথ্যের অপেক্ষায় রয়েছেন।
অন্যদিকে, বুধবার ব্যাংক অব ইংল্যান্ডের নীতিনির্ধারক মেগান গ্রিন বলেন, মজুরি বৃদ্ধির হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকলে এবং প্রতিষ্ঠানগুলো বাড়তি ব্যয় পণ্যের দামের সঙ্গে যুক্ত করলে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে। এ ঝুঁকি মোকাবিলায় আগেভাগেই মুদ্রানীতি কঠোর করা প্রয়োজন।
সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। বৃহস্পতিবার স্পট মার্কেটে প্রতি আউন্স রুপার দাম ১ দশমিক ৩ শতাংশ কমে ৫০ ডলার ৯৯ সেন্টে নেমেছে। প্যালাডিয়ামের দাম কমেছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ১ হাজার ২৫ ডলার ৮১ সেন্টে। এর আগে বুধবার প্যালাডিয়ামের দাম ২২ অক্টোবরের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল।
—————————————————————————————————————————————
তথ্যসূত্র: রয়টার্স।











































