ঢাকা অফিস।।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য নতুন ঋণের পরিবর্তে অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি হচ্ছে। এর সঙ্গে বাড়ছে ঋণ পরিশোধের বোঝা। তাই জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে জোরালো সমর্থন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ, ঋণ-ত্রাণ সুবিধা চালু এবং ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করাসহ পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে শূন্য দশমিক ৫ শতাংশেরও কম অবদান রাখলেও জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে রয়েছে। এ বাস্তবতায় বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার মনে করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে এগিয়ে নিতে হবে।মানচিত্র দেখুন
তারেক রহমান বলেন, বাংলাদেশের শিল্পায়ন ও উন্নয়ন প্রক্রিয়ায় প্রকৃতি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখা জরুরি। এ জন্য সরকার ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে। বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।
সবুজ শিল্পায়নের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রায় ৩০০টি তৈরি পোশাক কারখানা লিড সনদপ্রাপ্ত। বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা এগিয়ে নেওয়া হচ্ছে। পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানোর পাশাপাশি কার্বন বাণিজ্যের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজ চলছে।মানচিত্র দেখুন
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু অভিযোজনের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে সরকারের। পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানো। উপকূলীয় পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের কাজও চলছে।
জলবায়ু অর্থায়নে পাঁচ প্রস্তাব
জলবায়ু অর্থায়নব্যবস্থাকে অপর্যাপ্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যমান ব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে বিবেচনা করছে না। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির পাশাপাশি ক্রমবর্ধমান ঋণ পরিশোধের চাপ এবং সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। এ পরিস্থিতিতে ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির আলোকে পাঁচটি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রথম প্রস্তাবে তিনি বলেন, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজন খাতে বরাদ্দ করতে হবে। একই সঙ্গে নিঃসরণ কমানোর উদ্যোগেও সহায়তা অব্যাহত রাখতে হবে।
দ্বিতীয়ত, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য জলবায়ু-সহনশীল ঋণ ধারা এবং জলবায়ু সুরক্ষার বিনিময়ে ঋণ মওকুফ বা ‘ডেট ফর ক্লাইমেট সোয়াপ’-সহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করতে হবে।
তৃতীয়ত, পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরের জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।
চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে।
পঞ্চমত, কপ-৩১ সম্মেলনে ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। এর ভিত্তি হবে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য।
নারী-তরুণদের অংশগ্রহণের ওপর গুরুত্ব
জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। একই সঙ্গে বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে।
ভাষণের শুরুতে কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান তারেক রহমান। আলোচনাপ্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি সফল কপ-৩১ সম্মেলন প্রত্যাশা করে। সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল আসবে বলে আশা করে বাংলাদেশ, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য।মানচিত্র দেখুন
তিনি বলেন, প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপ দিতে হবে। বৈশ্বিক সংহতি জোরদার করে সবাইকে মিলে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।











































