Home খেলাধুলা নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ভারতীয় শিবিরে স্বস্তি

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ভারতীয় শিবিরে স্বস্তি

0

স্পোর্টস ডেস্ক।।

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে বড় এক স্বস্তির খবর পেল ভারতীয় ক্রিকেট দল। চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) ‘সেন্টার অব এক্সিলেন্স’ (সিওই)-এর মেডিকেল বিভাগ পন্থকে খেলার জন্য সবুজ সংকেত দেয়।

ক্রিকবাজের তথ্য অনুযায়ী, ফলে দলের সঙ্গে যোগ দিতে খুব শিগগিরই নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দেবেন এই বাঁহাতি ব্যাটার।

এর আগে টানা দুই দিন—১০ ও ১১ নভেম্বর কঠোর ফিটনেস ও ম্যাচ সিমুলেশন পরীক্ষায় অংশ নেন তিনি। সেখানে নিজের ফিটনেস প্রমাণ করার পরই মিলল নিউজিল্যান্ড যাত্রার অনুমতি।

পন্থের এই প্রত্যাবর্তন অধিনায়ক শুভমান গিল ও টিম ম্যানেজমেন্টের জন্য নিঃসন্দেহে বড় স্বস্তি নিয়ে এসেছে। গত অক্টোবরের শুরুতে ইরানি কাপে ‘রেস্ট অব ইন্ডিয়া’ দলকে নেতৃত্ব দেওয়ার সময় সাইড স্ট্রেইন (পাঁজরের পেশিতে টান) চোটে পড়েছিলেন তিনি। এরপর থেকেই বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে নিবিড় পুনর্বাসন প্রক্রিয়ার (রিহ্যাব) মধ্য দিয়ে যাচ্ছিলেন এই মারকুটে উইকেটকিপার ব্যাটার।

নিউজিল্যান্ড সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারত যখন দল ঘোষণা করে, তখন এই উইকেট কিপারকে নামের পাশে শর্তসাপেক্ষ রাখা হয়েছিল।

চোটের কারণে সিরিজের প্রস্তুতি হিসেবে ভারত ‘এ’ দলের হয়ে তিনটি আনঅফিশিয়াল টেস্ট খেলতে পারেননি তিনি—যেখানে মূল দলের অনেক নিয়মিত ক্রিকেটারই লাল বলের ক্রিকেটে নিজেদের ঝালিয়ে নিয়েছেন। তবে মূল লড়াই শুরুর ঠিক আগমুহূর্তে পুরোপুরি ফিট হয়ে দলে ফিরলেন পন্থ।

আগামী ১৯ নভেম্বর ওয়েলিংটনে শুরু হবে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট। এরপর ২৭ নভেম্বর ক্রাইস্টচার্চে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি।