স্পোর্টস ডেস্ক।।
সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এবারই প্রথম ব্যবহার হতে যাচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনালে থাকবে এই প্রযুক্তির সহায়তা। খেলা বাংলাদেশে হলেও এই প্রযুক্তি পরিচালিত হবে থাইল্যান্ডের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে।
ঢাকা জাতীয় স্টেডিয়ামে খেলা চলার সময় মাঠের ক্যামেরায় ধারণ করা সরাসরি ফুটেজ পাঠানো হবে থাইল্যান্ডের ভিএআর অপারেশন সেন্টারে। সেখানে ফিফা স্বীকৃত ভিডিও ম্যাচ কর্মকর্তারা বিভিন্ন ঘটনা পর্যালোচনা করবেন। প্রয়োজন হলে মাঠের রেফারিকে সিদ্ধান্ত নিতে সহায়তা করবেন তারা। আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আইএফএবির ভিএআর প্রটোকল মেনেই চলবে পুরো প্রক্রিয়া।
সাফ ও আসিয়ান ফুটবল ফেডারেশনের (এএফএফ) সহযোগিতায় এই প্রযুক্তি চালু হচ্ছে। এর কারিগরি দায়িত্বে রয়েছে স্পেনভিত্তিক ফিফা-সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান কোয়ালিটি। আন্তর্জাতিক বিভিন্ন ফুটবল প্রতিযোগিতায় ভিএআর সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। তাদের কেন্দ্রীয় কার্যক্রম পরিচালিত হয় থাইল্যান্ড থেকে।
ভিএআর ব্যবস্থার জন্য জাতীয় স্টেডিয়ামে তৈরি করা হয়েছে রেফারি রিভিউ এরিয়া (আরআরএ) এবং টেকনিক্যাল অপারেশনস টিম এরিয়া মনিটর (টিওটিএএম)। প্রযুক্তির নির্বিঘ্ন কার্যক্রম নিশ্চিত করতে কোয়ালিটির বিশেষজ্ঞরা সরাসরি স্টেডিয়ামে কাজ করছেন। সেমিফাইনাল ও ফাইনালে দায়িত্ব পাওয়া রেফারি এবং সহকারী রেফারিদেরও ভিএআর ব্যবহারের প্রশিক্ষণ ও সনদ রয়েছে।
সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটেল এই উদ্যোগকে দক্ষিণ এশিয়ার ফুটবলের জন্য বড় মাইলফলক হিসেবে দেখছেন। তার মতে, আধুনিক ফুটবলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের নির্ভুলতা বাড়ানোর পাশাপাশি খেলায় স্বচ্ছতা ও ন্যায্যতা প্রতিষ্ঠায় ভিএআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কাটেল বলেন, ‘ভিএআর চালু দক্ষিণ এশিয়ার ফুটবলের জন্য যুগান্তকারী ঘটনা। আমাদের প্রতিযোগিতার পেশাদার মান বাড়ানোর পথে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রযুক্তি অঞ্চলে নিয়ে আসতে মূল্যবান সহযোগিতার জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশন ও আসিয়ান ফুটবল ফেডারেশনের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ।’
আরেক বক্তব্যে তিনি বলেন, ‘আধুনিক ফুটবলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ভিএআর। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আরও নির্ভুলতা আনার পাশাপাশি এটি ন্যায্যতা, স্বচ্ছতা ও খেলোয়াড়ি চেতনা বজায় রাখতে সহায়তা করে। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ শুধু ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের মানই বাড়াবে না, দক্ষিণ এশিয়াজুড়ে উন্নত ফুটবল প্রযুক্তির ব্যবহার ছড়িয়ে দেওয়ার পথও তৈরি করবে।’











































