স্পোর্টস ডেস্ক।।
জাপানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন বার্সেলোনার উইঙ্গার রাফিনিয়া। আগামী শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে তার হাতেই উঠছে অধিনায়কের আর্মব্যান্ড।
নিয়মিত অধিনায়ক মার্কিনিয়োস চোটের কারণে দল থেকে ছিটকে যাওয়ায় ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ডকে বেছে নিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। অধিনায়ক হওয়ার দৌড়ে রাফিনিয়া পেছনে ফেলেছেন ভিনিসিয়ুস জুনিয়র ও ব্রুনো গিমারেসকে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে ম্যাচে পেশির চোটে পড়েন পিএসজির ডিফেন্ডার মার্কিনিয়োস। তার অনুপস্থিতিতে সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে ব্রাজিল দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে রাফিনিয়াকে।
এর আগে ব্রাজিলের অধিনায়কত্ব করলেও এবার দায়িত্ব পাওয়াটা জাতীয় দল ও ক্লাব পর্যায়ে তার ক্রমবর্ধমান প্রভাবের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক অনুশীলনের ইঙ্গিত বলছে, আগামী ১৪ নভেম্বর জাপানের বিপক্ষে ম্যাচের একাদশেও থাকবেন এই উইঙ্গার।
মার্কিনিয়োসের অনুপস্থিতিতে অধিনায়ক নির্বাচনের জন্য কয়েকজনের নাম বিবেচনায় নিয়েছিলেন আনচেলত্তি ও তার কোচিং স্টাফ। সম্ভাব্যদের তালিকায় ছিলেন ভিনিসিয়ুস, ব্রুনো গিমারেস ও গাব্রিয়েল মাগালিয়াস। দলের বিভিন্ন খেলোয়াড়ের মধ্যে অধিনায়কের আর্মব্যান্ড ঘুরিয়ে দেওয়ার বিষয়টিও বিবেচনায় ছিল। তবে শেষ পর্যন্ত আগের আন্তর্জাতিক বিরতিতে নির্ধারিত নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখার সিদ্ধান্ত নেন ইতালিয়ান এই কোচ।
মার্কার প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাফিনিয়া মাঠে না থাকলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন নিউক্যাসল ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো গিমারেস। বার্সেলোনায় হান্সি ফ্লিকের অধীনে দলের অন্যতম অভিজ্ঞ ও প্রভাবশালী খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রাফিনিয়া। চোটের কারণে কিছু ম্যাচে ভুগলেও চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইতোমধ্যে ১৯ গোল করেছেন তিনি।
তবে রাফিনিয়ার ফিটনেস নিয়ে সতর্ক রয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ। গত আন্তর্জাতিক বিরতিতে চোট পাওয়ায় এবার জাতীয় দলের হয়ে তার খেলার সময়ের ওপর নজর রাখবে কাতালান ক্লাবটি। পরিকল্পনা অনুযায়ী, জাপানের বিপক্ষে শুরু থেকে খেললেও কোনো ম্যাচেই পুরো ৯০ মিনিট মাঠে থাকার সম্ভাবনা কম। মূলত কাজের চাপ নিয়ন্ত্রণে রাখতেই এমন পরিকল্পনা।
এশিয়া সফরে এবার তৃতীয়বারের মতো জাপান ও সিঙ্গাপুরে যাচ্ছে ব্রাজিল। এর আগে ২০১৪ ও ২০১৯ সালেও দেশটিতে খেলেছিল তারা। ২০১৪ সালের ১৪ অক্টোবর আর্জেন্টিনাকে ২-১ গোলে হারানোর পর সিঙ্গাপুরে জাপানের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। সেই ম্যাচে নেইমারের চার গোলে ৪-০ ব্যবধানে জয় পায় সেলেসাওরা। ২০১৯ সালে সেনেগাল ও নাইজেরিয়ার বিপক্ষে টানা দুটি ম্যাচ ১-১ গোলে ড্র করেছিল তারা।
জাপানের বিপক্ষে ম্যাচের পর আগামী ১৭ নভেম্বর একই ভেন্যুতে স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে ব্রাজিল। এর মধ্য দিয়ে শেষ হবে তাদের ২০২৬ সালের আন্তর্জাতিক সূচি। চার দলের এই সিরিজে অংশ নিচ্ছে প্যারাগুয়েও। শুক্রবার স্বাগতিকদের বিপক্ষে খেলবে তারা। এরপর আগামী মঙ্গলবার জাপানের মুখোমুখি হবে দলটি।
আন্তর্জাতিক দায়িত্ব শেষ করে সুস্থ অবস্থায় বার্সেলোনায় ফেরাই এখন রাফিনিয়ার জন্য গুরুত্বপূর্ণ। কারণ চলতি মাসের শেষ ভাগে ঘরোয়া ও ইউরোপীয় প্রতিযোগিতায় আবারও ব্যস্ত সূচিতে ফিরবে ফ্লিকের দল।











































