আন্তর্জাতিক ডেস্ক।।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি তিনতলা ভবন ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৭ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে অন্তত চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এ তথ্য জানিয়েছেন। বুধবার (১১ নভেম্বর) বিকেলে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় ভবনটি পাশের একটি নির্মাণাধীন স্থানে ধসে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মেয়র মামদানি বলেন, ভবনধসের পর উদ্ধারকর্মীরা সারা রাত ধরে ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়েছেন। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে থাকলে তাকে উদ্ধার করতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কাজ করছেন তারা। উদ্ধার অভিযান এখনো চলছে।
স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টার দিকে ফ্ল্যাটবুশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের প্রধান জন এসপোসিতো জানান, ১৯৩০ সালে নির্মিত চার ইউনিটের আবাসিক ভবনটি পাশের একটি গর্তে ধসে পড়ে। সেখানে খননকাজ চলছিল। কী কারণে ভবনটি ধসে পড়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ফায়ার কমিশনার লিলিয়ান বোনসিগনোর এর আগে জানিয়েছিলেন, এ ঘটনায় অন্তত ১৯ জন হতাহত হয়েছেন। তাদের মধ্যে সাতজন শিশু। তবে নিহতদের মধ্যে শিশু নাকি প্রাপ্তবয়স্ক, সে বিষয়ে তিনি কিছু জানাননি। আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক।
উদ্ধার অভিযানে ২৫০ জনের বেশি অগ্নিনির্বাপণকর্মী ও জরুরি চিকিৎসাকর্মী অংশ নিয়েছেন। উদ্ধারকাজে ড্রোন, প্রশিক্ষিত কুকুর এবং বিদ্যুৎচালিত করাত ব্যবহার করা হচ্ছে।
বোনসিগনোর সাংবাদিকদের বলেন, ধসে পড়া এলাকায় এখনো কতজন আটকে আছেন, তা জানা যায়নি। উদ্ধার অভিযান দীর্ঘ সময় ধরে চলবে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভবন ধসের প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা পর অন্তত চারজনকে জীবিত উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন।
ফায়ার ডিপার্টমেন্টের প্রধান এসপোসিতো বলেন, পুরো এলাকা তল্লাশি করতে কয়েক দিন সময় লাগতে পারে। নিখোঁজ মানুষের মোট সংখ্যা কত, তা এখনো জানা যায়নি। সূত্র: ডয়চে ভেলে











































