রূপসা প্রতিনিধি :
রূপসায় বিএনপির সার্চ কমিটির সদস্য মো: জাকির হোসেন (৪৩) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। নিহত জাকির হোসেন রূপসা উপজেলার স্বল্পবাহিরয়া গ্রামের জলিল শেখের ছেলে। তিনি রূপসা সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাইদের বড় ভাই।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে জাকির হোসেন স্বল্পবাহিরদিয়া এলাকায় হিরকের দোকানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে হেলমেট পরিহিত কয়েকজন দুর্বৃত্ত করে সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে পুলিশ তা জানাতে পারেনি।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি, পুলিশ বিষয়টি তদন্ত করছে। অপরাধীদের সনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হবে।











































