Home আঞ্চলিক মাতৃত্বের নির্মম পরিণতি, ৩০ হাজার টাকায় সন্তান বিক্রি

মাতৃত্বের নির্মম পরিণতি, ৩০ হাজার টাকায় সন্তান বিক্রি

3

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের মোড়েলগঞ্জে ১ বছর ৩ মাস বয়সী শিশুসন্তানকে ৩০ হাজার টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনা জানাজানি হলে মোড়েলগঞ্জ ও মোংলা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে প্রতিবেশী ও স্বজনদের সহযোগিতায় শিশুটিকে মোংলার এক ব্যক্তির কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মোড়েলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনিকা আক্তারের (১৮) প্রায় দুই বছর আগে চট্টগ্রামের হাসান চৌধুরীর সঙ্গে বিয়ে হয়। তাদের সংসারে জন্ম নেয় একটি ছেলে। শিশুটির নাম আল-আমিন। পরে পারিবারিক কারণে স্বামীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে সন্তানকে নিয়ে বাবার বাড়ি বারইখালীতে ফিরে আসেন আনিকা।

স্থানীয়দের ভাষ্য, বাবার বাড়িতে অভাব-অনটনের কারণে শিশুটিকে বিক্রির সিদ্ধান্ত নেন আনিকা। বুধবার বিকেলে প্রতিবেশী নাছির শিকদারের স্ত্রী ও শিশুটির নানা পলাশ শেখের সহযোগিতায় মোংলার এক ব্যক্তির কাছে ৩০ হাজার টাকায় শিশুটিকে হস্তান্তর করা হয়।

আনিকা বলেন, ‘আমার বাচ্চাকে খাওয়ানো ও চিকিৎসার খরচ চালাতে পারি না বলে ৩০ হাজার টাকায় বিক্রি করেছি।’

শিশুটির নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ জানান, এ ধরনের একটি তথ্য তিনি পেয়েছেন। শুক্রবার সংশ্লিষ্ট ব্যক্তিদের ডাকা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।