খুলনাঞ্চল রির্পোট।।
কক্সবাজার শহরের কলাতলী এলাকার কক্স অ্যাম্বাসেডর নামে একটি আবাসিক হোটেলের অষ্টম তলার কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় হোটেলে অবস্থান করা শতাধিক পর্যটক আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের খবর ছড়িয়ে পড়লে আশপাশের হোটেলের পর্যটক ও স্থানীয় লোকজনও আতঙ্কিত হয়ে রাস্তায় অবস্থান নেন।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন জানান, হোটেলটির অষ্টম তলার একটি কক্ষে এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে কলাতলী হোটেল-মোটেল জোনের সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুন লাগে। এতে অন্তত চারটি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
গত ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টে সৈকতের কিনারে অবস্থিত আবাসিক হোটেল সি প্রিন্সেসের জেনারেটর কক্ষে আগুন লাগে। হোটেল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
তবে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত এলাকায়। সেখানে কাঠ, বাঁশ ও টিন দিয়ে তৈরি দুই তলাবিশিষ্ট টুপটুপ রিসোর্ট ও রেস্তোরাঁয় আগুন লেগে অন্তত ১১ জনের মৃত্যু হয়। ভোরে পর্যটকেরা ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে এডিএমকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। তবে কমিটির প্রতিবেদন প্রকাশের বিষয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
ধারাবাহিক এসব অগ্নিকাণ্ডে কক্সবাজারের হোটেল-মোটেল ও পর্যটন স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে আবাসিক হোটেলগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা, জরুরি বহির্গমন পথ, অগ্নিনিরাপত্তা সরঞ্জাম এবং কর্মীদের প্রস্তুতি যথাযথ আছে কিনা- তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
কক্সবাজার চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আবু মোরশেদ চৌধুরী বলেন, এভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে থাকলে পর্যটন জোনজুড়ে আতঙ্ক তৈরি হবে।
যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবাসিক হোটেল ও পর্যটন স্থাপনাগুলোতে কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এখন সময়ের দাবি।











































