স্টাফ রিপোর্টার।।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’-এর নবগঠিত কমিটিতে সাবেক ছাত্রলীগ কর্মী ও আওয়ামী লীগ নেতার সুপারিশে চাকরিপ্রাপ্ত এক শিক্ষককে গুরুত্বপূর্ণ পদ দেওয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

জানা গেছে, গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে সাদা দল খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার ২৬ সদস্যবিশিষ্ট এক বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়। ড. মোঃ হাফিজুর রহমানকে সভাপতি এবং ডা. মোঃ উজ্জ্বল হোসেনকে সাধারণ সম্পাদক করে ঘোষিত ওই কমিটির ৩ নম্বর ক্রমিকে অর্থাৎ সহ-সভাপতি পদে স্থান পেয়েছেন এগ্রিকালচারাল ইকোনমিক্স বিভাগের শিক্ষক মোঃ জহুরুল ইসলাম।

অনুসন্ধানে এবং সংযুক্ত নথিপত্রে দেখা যায়, মোঃ জহুরুল ইসলাম (পিতা: মোঃ সিরাজুল ইসলাম ভূঁঞা, গ্রাম: উত্তর বাঞ্ছানগর, লক্ষ্মীপুর) পূর্বে বাংলাদেশ ছাত্রলীগের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সক্রিয় কর্মী ছিলেন। ২০২০ সালের ৬ অক্টোবর লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ গোলাম ফারুক (পিংকু) এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন স্বাক্ষরিত এক প্রত্যয়নপত্রে তাঁকে এবং তাঁর পরিবারকে ‘মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি’ ও ‘ছাত্রলীগের সফল কর্মী’ হিসেবে প্রত্যয়ন দেওয়া হয়।
শুধু তাই নয়, ২০২০ সালে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল ইকোনমিক্স বিভাগে প্রভাষক পদে নিয়োগের সময় তৎকালীন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল তাঁর নিয়োগের ইন্টারভিউ কার্ডে নিজ হাতে সুপারিশ লিখেছিলেন। তৎকালীন উপাচার্যকে (ভিসি) উদ্দেশ্য করে লেখা ওই সুপারিশে তিনি জহুরুল ইসলামকে ‘ঘনিষ্ঠ লোক’ উল্লেখ করে নিয়োগ প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছিলেন।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় পরিচয় ও প্রভাব খাটিয়ে চাকরি পাওয়া একজন সাবেক ছাত্রলীগ কর্মী কীভাবে জাতীয়তাবাদী আদর্শের সংগঠন ‘সাদা দলের’ মতো গুরুত্বপূর্ণ সংগঠনের সহ-সভাপতি পদ পেলেন, তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহলে নানামুখী প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একাধিক জ্যেষ্ঠ ও সাধারণ শিক্ষক ক্ষোভ প্রকাশ করে জানান, বিগত দিনে যারা ফ্যাসিবাদী সরকারের সুবিধাভোগী ছিলেন এবং ছাত্রলীগের রাজনীতিতে সরাসরি যুক্ত ছিলেন, তাদের এভাবে জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠনে পুনর্বাসন করা আদর্শের পরিপন্থী।
এর ফলে ত্যাগী ও প্রকৃত জাতীয়তাবাদী শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে বলে তারা মনে করছেন। বিষয়টি খতিয়ে দেখে অবিলম্বে কমিটি থেকে বিতর্কিত ব্যক্তিদের বাদ দেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষকরা।
‘সাদা দল’-এর সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, জাতীয়তাবাদী আদর্শের সংগঠন সাদা দলে কোন ফ্যাসিস্ট-এর স্থান হবে না। অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহন করা হবে।

এদিকে অভিযোগের ব্যাপারে মোঃ জহুরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ২৪ এর গণ অভ্যূত্থানে সক্রিয় ভূমিকা পালন করেছি বলে আমি এই কমিটিতে সহ সভাপতি হয়েছি। ছাত্রলীগ করেননি বলে দাবি করেন। আওয়ামী লীগ লক্ষ্মীপুর থানা সভাপতি সাধারণ সম্পাদকে প্রত্যায়ন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন ওই সময় তাদের সাথে আমার পরিচয় ছিলো তবে সক্রিয় ছিলাম না।











































