Home আঞ্চলিক খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির ৩ দিনের আল্টিমেটাম

খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির ৩ দিনের আল্টিমেটাম

6

স্টাফ রিপোর্টার।।

সন্ত্রাসী ও চাঁদাবাজদের দৌরাত্ম্যে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন খুলনার ওষুধ ব্যবসায়ীরা। চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির মুখে ইতিমধ্যে নগরীর বেশ কয়েকটি স্বনামধন্য ফার্মেসি বন্ধ হয়ে গেছে। এর প্রতিবাদে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) খুলনা জেলা প্রশাসক ও খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (খুলনাস্থ সাধারণ কেমিস্টবৃন্দ)।

স্মারকলিপিতে আগামী ৩ দিনের মধ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে খুলনার সকল ফার্মেসি বন্ধ রাখাসহ কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ফার্মেসি ব্যবসায়ীরা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এবং ক্ষেত্রবিশেষে সারারাত জেগে আপামর জনসাধারণের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করে আসছেন। কিন্তু সম্প্রতি নগরীর টুটপাড়া এলাকার ‘চয়নিকা ফার্মেসী’, রূপসা এলাকার ‘মল্লিক ব্রাদার্স’-সহ বিভিন্ন এলাকার ফার্মেসি ব্যবসায়ীদের কাছে কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজরা বিশাল অঙ্কের চাঁদা দাবি করছে। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে।

চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার কারণে ইতিমধ্যে চয়নিকা ফার্মেসী ও মল্লিক ব্রাদার্সসহ বেশ কিছু ওষুধের দোকান বন্ধ রাখতে বাধ্য হয়েছেন মালিকরা। এতে সাধারণ রোগী ও স্বজনরা জরুরি ওষুধ কিনতে গিয়ে চরম দুর্ভোগে পড়ছেন। ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রকাশ্যে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি চললেও অদ্যাবধি অপরাধীদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এমতাবস্থায় আগামী ৩ দিনের মধ্যে জড়িত সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে খুলনার সকল কেমিস্ট ও ফার্মেসি ব্যবসায়ী ধর্মঘট (ফার্মেসি বন্ধ) সহ কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন বলে স্মারকলিপিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। স্মারকলিপিটির অনুলিপি খুলনা বিভাগীয় কমিশনারের দপ্তরেও প্রেরণ করা হয়েছে।