ঢাকা অফিস।।
বর্তমান সরকারের সময় ১ হাজার ৩৪৪ জন সাংবাদিককে ৬ কোটি ৪৮ লাখ ৫ হাজার টাকা কল্যাণ অনুদান দেওয়া হয়েছে। একই সময়ে ২০২৫-২৬ অর্থবছরে সাংবাদিক পরিবারের ৪০২ জন শিক্ষার্থীকে ৭৩ লাখ ২৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমানের পক্ষে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, আর্থিক নিরাপত্তা, সামাজিক সুরক্ষা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে ২০১৪ সালে আইন প্রণয়নের মাধ্যমে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে ২০১৬ সালের ১৩ এপ্রিল বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিধিমালা, ২০১৬ গেজেট আকারে প্রকাশিত হয়।
তিনি জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে অসচ্ছল, অসুস্থ, দুর্ঘটনায় আহত, কর্মহীন ও মৃত্যুবরণকারী সাংবাদিক এবং তাঁদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। বিশেষ করে সাংবাদিকদের মৃত্যু, গুরুতর অসুস্থতা, দুর্ঘটনা ও আর্থিক অসচ্ছলতার ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা অনুযায়ী কল্যাণ অনুদান দেওয়া হয়।
প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক পরিবারের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষাবৃত্তি ও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি করোনাকালীন সংকট, জুলাই গণ-অভ্যুত্থান-সংশ্লিষ্ট শহীদ সাংবাদিকদের পরিবার এবং সাহসী সাংবাদিকদের আর্থিক সহায়তা ও সম্মাননা প্রদানের কার্যক্রমও নেওয়া হয়েছে।
তিনি জানান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিধিমালা, ২০১৬ অনুযায়ী আবেদন যাচাই-বাছাই, প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা এবং উপযুক্ত কর্তৃপক্ষ ও ট্রাস্টি বোর্ডের অনুমোদনক্রমে অনুদান দেওয়া হয়। অনুদান বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উপকারভোগীদের ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বর্তমান সরকারের আমলে ১ হাজার ৩৪৪ জন সাংবাদিককে ৬ কোটি ৪৮ লাখ ৫ হাজার টাকা কল্যাণ অনুদান দেওয়া হয়েছে। এছাড়া ২০২৫-২৬ অর্থবছরে ৪০২ জন শিক্ষার্থীকে মোট ৭৩ লাখ ২৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।
তিনি জানান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মোট ১৯ হাজার ৩২১ জন সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে কল্যাণ অনুদান, শিক্ষাবৃত্তি, স্টাইপেন্ড, করোনাকালীন আর্থিক সহায়তা, জুলাই শহিদ ও সাহসী সাংবাদিকদের আর্থিক সহায়তা এবং সম্মাননাসহ সর্বমোট ৬৭ কোটি ১৪ লাখ ১৭ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে ইয়াসের খান চৌধুরী জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পোর্টালে ছড়িয়ে পড়া ভুয়া সংবাদ, গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে পিআইবির ফ্যাক্টচেকিং ইউনিট ‘বাংলাফ্যাক্ট’ এ পর্যন্ত ১ হাজার ১৭২টি ফ্যাক্টচেক, বিশ্লেষণ, অনুসন্ধানী প্রতিবেদন এবং ভিডিও বা রিল প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রকাশ করা হয়েছে ৫৫২টি।
তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া সংবাদ, গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন তথ্য অধিদফতর ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। বাংলাফ্যাক্টের ওয়েবসাইটে ফ্যাক্টচেক, মিডিয়া অ্যানালাইসিস ও ডিজিটাল লিটারেসি বিষয়ক বিভিন্ন কনটেন্ট প্রকাশ করা হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ও নাম ব্যবহার করে পরিচালিত ১৩৭টি ভুয়া অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট। এছাড়া সংবাদপত্র ও টেলিভিশনের অনুকরণে প্রোপাগান্ডা ও অপতথ্য প্রচারকারী ১৯টি ওয়েবসাইট শনাক্ত করা হয়েছে। বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ায় এমন ৮০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টির বেশি এক্স অ্যাকাউন্টও চিহ্নিত করা হয়েছে।
তিনি জানান, বর্তমানে বাংলাফ্যাক্ট প্রতিদিন গড়ে ৩ থেকে ৫টি দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন, রিল ও ভিডিও প্রকাশ করছে। গণমাধ্যমকর্মীদের সুবিধার্থে শিগগিরই ‘ফ্যাক্টচেক ম্যানুয়াল’ প্রকাশ করা হবে।
প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর পিআইবির প্রশিক্ষণ বিভাগ তিন দিনব্যাপী ৪৪টি প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে মোট ১ হাজার ৬৯১ জনকে প্রশিক্ষণ দিয়েছে। প্রতিটি প্রশিক্ষণে মাল্টিমিডিয়া সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্টচেকিং বিষয়ে সেশন অন্তর্ভুক্ত ছিল। পাশাপাশি গুজব মোকাবিলা, বিদ্বেষমূলক প্রচার শনাক্তকরণ, ফ্যাক্টচেকিং এবং সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় সাংবাদিকদের জন্য এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হবে।
তিনি বলেন, গত ৮ এপ্রিল থেকে শুক্র ও শনিবার এবং সরকারি ছুটির দিনসহ প্রতিদিন সকালে দৈনিক পত্রিকার মুদ্রিত ও অনলাইন সংস্করণ, ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর ও ক্ষতিকর গুজবসংক্রান্ত সংবাদ যাচাই-বাছাই করা হচ্ছে। এ লক্ষ্যে তথ্য অধিদফতরের গঠিত কমিটি ছকবদ্ধ প্রতিবেদন তৈরি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পাঠাচ্ছে। মন্ত্রণালয় থেকে বিভ্রান্তিকর তথ্য, গুজব, উসকানিমূলক বক্তব্য, ফটোকার্ড, অডিও-ভিডিও ও বিকৃত তথ্য প্রচারকারী সংশ্লিষ্ট ফেসবুক আইডির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) অনুরোধ করা হচ্ছে।
নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর ৯ম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ গেজেট আকারে প্রকাশিত হয়। তবে সাংবাদিক ও সংবাদপত্র মালিকপক্ষের আয়কর প্রদান নিয়ে মতপার্থক্য এবং একাধিক মামলা চলমান থাকায় এটি কার্যকর করা সম্ভব হয়নি।
যদিও গেজেট প্রকাশের পর বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও কয়েকটি প্রতিষ্ঠান এ রোয়েদাদ বাস্তবায়ন করেছে।











































