স্পোর্টস ডেস্ক।।
মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে ম্যাট হেনরির তোপে ধসে পড়েছে ভারতের টপ অর্ডার। নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে আউট হওয়া প্রথম তিন ব্যাটারের কেউ রানের খাতা খুলতে পারেননি।
০ রানে ৩ উইকেট হারিয়ে লজ্জার রেকর্ড গড়েছে ভারত। দলটির ৫২ বছরের ওয়ানডে ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। নিজেদের ১০৮৮তম ওয়ানডেতে এসে প্রথমবারের মতো কোনো রান না করেই ৩ উইকেট হারাল তারা।
৩৩৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নামা ভারতকে শুরুতেই বিশাল ধাক্কা দেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি।
তার বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করেন দুই মহাতারকা রোহিত শর্মা (০) ও বিরাট কোহলি (০)। তাদের দেখানো পথেই হাঁটেন নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ার (০)। এর মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেটে ভারতের দীর্ঘ ইতিহাস ও অসংখ্য স্মরণীয় অর্জনের পাশে এবার যুক্ত হলো এক বিব্রতকর রেকর্ড।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভারে ৫ উইকেটে ৫৪ রান করেছে ভারত। জিততে দরকার ১৯২ বলে আরো ২৮০ রান, যা একরকম অসম্ভবই বলা যায়।
রোহিত, কোহলি ও আইয়ারের পর আউট হয়েছেন রুতুরাজ গায়কোয়াড় ও অক্ষর প্যাটেল। পরাজয়ের ব্যবধান এড়াতে লড়ছেন ঈশান কিষান (২৬) ও নামান ধীর (১)।
এর আগে উইল ইয়াংয়ের সেঞ্চুরি ও টিম সাইফার্টের ফিফটিতে ৫০ ওভারে ৩৩৩ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি জিতে ২-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। হ্যামিল্টনে তৃতীয় ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।











































