স্টাফ রিপোর্টার।।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে খুলনায় আয়োজিত বিক্ষোভ মিছিল চলাকালে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
এতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বৃহস্পতিবার বিকালে নগরীর শিববাড়ী মোড়ে এ ঘটনা ঘটে।
দলীয় সূত্র জানায়, কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে শিববাড়ী মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। কর্মসূচি চলাকালে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও সামান্য ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে উপস্থিত নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এ বিষয়ে এনসিপির খুলনা মহানগর আহ্বায়ক আহমেদ হামীম রাহাত বলেন, ‘খেলার আয়োজন নিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে সামান্য বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। তবে এটি বড় কিছু নয়।’
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে এমন ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।











































